ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালুর পরিকল্পনা করেছিল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এজন্য ‘লিবরা’ নামের ডিজিটাল মুদ্রা চালুরও উদ্যোগ নিয়েছিল। ফেসবুকের এমন পরিকল্পনার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার প্রতিষ্ঠানটির ওপর তীব্র চাপ তৈরি করেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০টি পার্টনার নিয়ে লিবরা চালুর উদ্যোগ নেয় ফেসবুক। এসব পার্টনারের মধ্যে আছে ভিসা, মাস্টারকার্ড ও উবারের মতো প্রতিষ্ঠান। ফলে লিবরা দিয়েই বিভিন্ন সুবিধা পাওয়ার সম্ভাবনা ছিল ব্যবহারকারীদের সামনে।
মূলত এ বিষয়টি নিয়েই ভীত প্রযুক্তি বিশ্লেষক এবং আইনজীবীরা। তারা বলছেন, লিবরা চালু হলে বৈশ্বিক ব্যাংক ব্যবস্থায় সমস্যা হবে। এমনকি ক্ষেত্রটিতে ধস নামতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তারা। কেননা, ফেসবুকের ডিজিটাল পেমেন্ট সিস্টেম হয়তো বিশ্বের সব দেশেই ছড়িয়ে পড়বে।
ফেসবুকের ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু বিষয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমটির কারেন্সি প্রকল্পের প্রধান ডেভিড মার্কুস। বৈঠকে তিনি বলেন, আমরা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ডিজিটাল পেমেন্ট সিস্টেম চালু করবো না।
অবশ্য তার এই বক্তব্যের প্রকৃত অর্থ বুঝতে পারেনি কেউই। তবে বিশ্লেষকরা বলছেন এর দুটি অর্থ হতে পারে। এর মধ্যে একটি হলো- যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া লিবরা চালু করবে না ফেসবুক। অন্যটি হলো- অন্যসব দেশে লিবরা চালু হলেও শুধু যুক্তরাষ্ট্রে চালু হবে না।








