সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবার খুলে দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক প্রতিমন্ত্রী তারানা হালিম বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তার দফতরে এই ঘোষণা দেন। প্রায় ২২ দিন বন্ধ থাকার পর বাংলাদেশে ফেসবুক আবার চালু হলো।
সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে ফেসবুক খুলে দেওয়ার ঘোষণা দেন তারানা হালিম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই তারা এই সিদ্ধান্ত নেন। তবে বন্ধ থাকা ইন্টারনেটনির্ভর যোগাযোগের অন্য কয়েকটি মাধ্যম (মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ, লাইন ও হ্যাং আউট) এখনই খোলা হবে না বলেও জানিয়েছেন তিনি।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থা বিটিআরসি'র মাধ্যমে মোবাইল ফোন কোম্পানিগুলোকে ফেসবুক খুলে দেওয়ার মৌখিক সিদ্ধান্ত জানানো হয়। ব্যবহারকারীরা এরইমধ্যে ফেসবুক খুলতে পারছেন বলে জানা গেছে।
উল্লেখ্য গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় ঘোষণার পরপরই নিরাপত্তার কারণ দেখিয়ে সরকার ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বেশ কয়েকটি অ্যাপ বন্ধ করে দেয়।
/এইচএএইচ/এফএস/








