শিশুদের ইন্টারনেট দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে দুশ্চিন্তায় পড়ে যান বাবা- মা-রা। আর দুশ্চিন্তার একটি বড় অংশ হচ্ছে ইউটিউব। বিশাল এই ভিডিও ভাণ্ডারে শিশুরা কি তাদের উপযোগী ভিডিও দেখছে নাকি, তা নিয়ে দুশ্চিন্তা করতে হয় অভিভাবকদের। অন্তত অস্ট্রেলিয়ার অভিভাবকরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এবার।
দেশটিতে ইউটিউব কিডস নামে একটি অ্যাপ উন্মুক্ত করা হয়েছে, যেটি তৈরি করা হয়েছে শিশুদের কথা মাথায় রেখে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের একটি প্রতিবেদনে এ খবর জানা গেছে। অবশ্য এর আগেই শিশুদের জন্য ইউটিউব কিডস নামে ইউটিউবের নতুন একটি সংস্করণ খোলার ঘোষণা দিয়েছিল ইউটিউব কর্তৃপক্ষ।
নতুন এই অ্যাপের মাধ্যমে শুধু শিশুদের জন্য উপযুক্ত ভিডিওই দেখা যাবে। অ্যাপটি শুধু আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসে চলবে। তাই এটি বর্তমানে গুগল প্লে ও অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করে নেওয়া যাবে।
ইউটিউবের ফ্যামিলি অ্যান্ড লার্নিং হেড মালিক ডুকার্ড এক বিবৃতিতে জানান, এই অ্যাপের সব কনটেন্ট চার ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে- শোজ, মিউজিক, লার্নিং ও এক্সপ্লোর। ফ্র্যাঞ্চাইজ ভিডিওগুলো শিশুদের উপযুক্ত কি না, তার ওপর ভিত্তি করে সেগুলো মেশানো হবে ক্যাটাগরিগুলোর সঙ্গে। তবে ম্যাশেবল জানিয়েছে, এখানে বিজ্ঞাপনও দেখানো যাবে। এটি কতটুকু সফল হবে সেটি এখনই বলা সম্ভব নয়। তবে শিশুদের ইন্টারনেট কর্মকাণ্ডের ওপর অভিভাবক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এটি একটি ভালো উদ্যোগ বলে মনে করা হচ্ছে। অ্যাপটি তৈরির সময়, এমনকি পাঁচ বছরের ছোট বয়সী শিশুর কথা চিন্তা করা হয়েছে। বড় বড় আইকন এবং ভয়েস সার্চের মতো সুবিধাগুলো তাই যোগ করা হয়েছে।
/এইচএএইচ/আপ-এনএস/








