দেশে তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড এবার ভিন্ন পরিস্থিতি ও প্রেক্ষাপটে আয়োজন করা হচ্ছে। কিছু আয়োজন সরাসরি আর বড় একটা অংশ অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। দেশের করোনা পরিস্থিতির কারণে এবারের আয়োজন (ডিজিটাল ওয়ার্ল্ড-২০২০) তাই ভিন্ন প্রেক্ষাপটে। তিন দিনের এই আসর বসছে বুধবার (৯ ডিসেম্বর)। শেষ হবে ১১ ডিসেম্বর (শুক্রবার)। মঙ্গলবার (৮ ডিসেম্বর) অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (৯ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ এর উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ‘সোশ্যালি ডিসটেন্সড, ডিজিটাল কানেক্টেড’ এই প্রতিপাদ্য নিয়ে আয়োজিত ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ এর সপ্তম আসরের অধিকাংশ আয়োজন হবে অনলাইন প্ল্যাটফর্মে। এই আয়োজনে থাকছে মিনিস্ট্রিয়াল কনফারেন্স, সেমিনার, প্রদর্শনী, ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা, বঙ্গবন্ধুকে নিয়ে ভার্চুয়াল মুজিব কর্নার ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে কনসার্ট। এবারের আয়োজনে ডিজিটাল বাংলাদেশের গত ১১ বছরের অর্জন তুলে ধরা হবে।
প্রতিমন্ত্রী জানান, ১০ ডিসেম্বর মেলার দ্বিতীয় দিনে বিভিন্ন দেশের মন্ত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে মিনিস্ট্রিয়াল কনফারেন্স। সেখানে মূল বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ১১ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড’র শেষ দিনে ডব্লিউএইচওর মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলের সদস্য এবং অটিজম বিষয়ক ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ একটা সেশনে অংশ নেবেন।
ওইদিন সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। এবার ১২টি ক্যাটাগরিতে ডিজিটাল ওয়ার্ল্ড সম্মাননা দেওয়া হবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভার্চুয়াল কনসার্ট।
দেশ-বিদেশ থেকে ১০ লাখের বেশি দর্শনার্থী ও অংশগ্রহণকারী ‘ডিজিটাল ওয়ার্ল্ডে ২০২০’ এর ভার্চুয়াল প্ল্যাটফর্ম পরিদর্শন করবেন বলে পলক আশাবাদ ব্যক্ত করেন।
ডিজিটাল ওয়ার্ল্ডের সামগ্রিক আয়োজনে প্রধান সহযোগী হিসেবে থাকছে বিসিসি ও বেসিস। সহযোগিতা করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতর, হাইটেক পার্ক কর্তৃপক্ষ, সিসিএ-ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, এটুআই। পার্টনার হিসেবে যুক্ত আছে আইডিয়া, স্টার্টআপ বাংলাদেশ, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাক্কো, ই-ক্যাব, বিআইজেএফ ও উইমেন ইন ই-কমার্স (উই)।








