ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ ঘোষণার ১২ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ সময়ের মধ্যে বাংলাদেশের বিস্ময়কর রূপান্তর ঘটেছে। এই কর্মসূচি বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’ মঙ্গলবার (৮ ডিসেম্বর) কক্সবাজারে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্ভাবনী ও সেবা সহজীকরণ বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘জনগণের সেবা প্রদানে সম্পৃক্ত ডাক, টেলিটক, বিটিসিএলসহ টেলিযোগাযোগ বিভাগের প্রতিটি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে। বাটন টিপে সেবাগ্রহীতারা সেবা নিতে না পারলে ডিজিটাল বিপ্লব এগিয়ে নেওয়া সম্ভব নয়।’ তিনি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও তৎপর হওয়ার নির্দেশ দেন।
মন্ত্রী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজিয়ে লাগিয়ে স্ব-স্ব কর্মক্ষেত্রে এর যথাযথ প্রয়োগ করতে পারলে সেবাগ্রহীতা জনগণ উপকৃত হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন ও অতিরিক্ত সচিব সেলিমা সুলতানা বক্তৃতা করেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ন-সচিব মুহম্মদ আবদুল হান্নানের সঞ্চালনায় কর্মশালার রিসোর্স পারসন এটুআই কর্মকর্তা ইফতেখার আলম বিষয়ভিত্তিক ধারণা ব্যাখ্যা করেন।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘জনগণের জন্য সেবা সহজীকরণের মাধ্যমে ভিশন বাস্তবায়নের বিকল্প নেই।’








