দেশের ডিজিটাল মার্কেটিং পেশাজীবীদের জন্য গুরুত্বপূর্ণ ‘ডিজিটাল সামিট-২০২০’ এর পর্দা উঠেছে। দুই দিনের সম্মেলনটি শুক্রবার (১১ ডিসেম্বর) ভার্চুয়াল মাধ্যমে শুরু হয়। শনিবার ‘ডিজিটাল অ্যাওয়ার্ড-২০২০’ দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হবে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিবেশনায় অনুষ্ঠিত সম্মেলনটির পৃষ্ঠপোষকতায় রয়েছে এইচটিটিপুল। সহযোগিতা করছে ইভ্যালি ও ডেইলি স্টার।
ডিজিটাল সামিটের সপ্তম সংস্করণে রয়েছে ছয়টি প্যানেল আলোচনা, পাঁচটি কী-নোট সেশন, তিনটি ইনসাইট সেশন, দুইটি কেস স্টাডি— যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বক্তারা যুক্ত হবেন। পাশাপাশি বাংলাদেশি বিশেষজ্ঞরাও একাধিক বিষয়ে আলোচনা করবেন। এছাড়া সম্মেলনে দেশ-বিদেশের ৪০ জন ডিজিটাল মার্কেটিংয়ে অভিজ্ঞরা প্যানেল আলোচনা, কী-নোট সেশন, ইনসাইড সেশন ও কেস স্টাডিসে তাদের বক্তব্য তুলে ধরবেন।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, ‘ডিজিটাল সামিট থেকে আমরা উদ্ভাবন করতে পারবো কীভাবে ডিজিটাল রূপান্তরের মুখোমুখি হচ্ছি, কীভাবে আমরা বিকশিত বাজারে স্থান খুঁজছি।’
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক (এফএমসিজি) আসিফ ইকবাল বলেন, ‘খুব দ্রুতই ফাইভ-জি চালু হতে যাচ্ছে এবং এর ফলে দৃশ্যপট পাল্টে যাবে। গ্রাহকের ডেটা প্ল্যাটফর্মগুলো উন্মোচিত হবে। গোপন এবং গোপনীয় কম্পিউটিং গতি অর্জন করবে। আমাদেরকে আমাদের পরবর্তী সম্ভাবনাগুলো খুঁজতে হবে।’
এ বছর সম্মেলনের প্রতিপাদ্য ‘ব্রিংগিং ডিজিটাল অ্যাট দি কোর’। সম্মেলনের উদ্দেশ্য হলো— ছোট ও বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে তাদের গ্রাহকদের বুঝতে, তাদের জন্য সমাধান তৈরি করতে এবং সেই সমাধানগুলোকে সরবরাহ করার ক্ষেত্রে ব্যবসার মূল কেন্দ্র করার বিষয়টিকে সামনে আনা।








