‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কার-২০২০’ পেলেন ঢাকার জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মোমিনুর রশীদ। অনলাইন ভূমি জরিপ সফটওয়্যার এর মাধ্যমে ভূমি জরিপ করার জন্য 'ই-গভর্নেন্স’ (নাগরিক সেবায় বিশেষ অবদান) ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেওয়া হয়।
ভূমি মন্ত্রণালয়ের অন্যতম সংস্থা ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের আওতাভুক্ত দফতর জোনাল সেটেলমেন্ট অফিস মাঠ পর্যায়ে ক্যাডাস্ট্রাল (ভূমি সম্পদ সম্পর্কিত মৌজা জরিপ) জরিপ ব্যবস্থাপনা ও সম্পাদনের কাজ করে থাকে।
‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০'-এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জাতীয় আইসিটি অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়। শুক্রবার (১১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাল্টি-পারপাস হলে আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পদক ও সনদ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
গত ১৬ জুন 'ই-নামজারি' উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে 'স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ' ক্যাটাগরিতে জাতিসংঘের মর্যাদাপূর্ণ 'ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০' অর্জন করে ভূমি মন্ত্রণালয়।
পুরষ্কার পেয়ে মোমিনুর রশীদ জানান, সেটেলমেন্ট ট্রেনিংয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বক্তব্যে উৎসাহিত হয়ে তিনি অনলাইন সার্ভে ও সেটেলমেন্ট অটোমেশন সফটওয়্যার তৈরির উদ্যোগ গ্রহণ করেন।
প্রসঙ্গত, এর আগে ‘অনলাইন ভূমি জরিপ ব্যবস্থাপনা’র জন্য মো. মোমিনুর রশীদ ভূমি মন্ত্রণালয়ের 'উদ্ভাবনী পুরস্কার ২০১৯-২০' ক্যাটেগরিতে তৃতীয় পুরস্কার অর্জন করেন।








