সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বৈঠকে বসছেন ১২ জানুয়ারি। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য এ বৈঠকে তারানা হালিম সাইবার নিরাপত্তা, নারীর প্রতি সহিংসতা ও অবমাননা রোধ এবং দেশে অ্যাডমিন প্যানেল বসানোসহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
বুধবার সচিবালয়ে সরকারের দুই বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি আরও জানান, আমাদের দেশের প্রেক্ষিতে যেসব বিষয় অবমাননাকর, সংবেদনশীল, সেসব বিষয়ও ফেসবুক কর্তৃপক্ষের সামনে তুলে ধরা হবে।
আগামী ১২ থেকে ২৪ ফেব্রুয়ারি ১৩ দিনের সফরে তারানা হালিম সিঙ্গাপুর ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন। এই সফরে তিনি গুগল ও মাইক্রোসফটের সঙ্গেও বৈঠক করবেন বলে তিনি জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারানা হালিম বলেন, ফেসবুকে আইডি খোলার বিষয়ে এখনই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করার ইচ্ছে নেই। ফেসবুক আইডি খোলার বিষয়ে বয়স সীমার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ফেসবুকের বিষয়ে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাক্টিসগুলো আমরা অনুসরণ করতে চাই।
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসতে চিঠি দেন তারানা হালিম। ফেসবুক কর্তৃপক্ষ দ্রুত চিঠির উত্তর দিয়ে ৬ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে এসে সরকারের তিন মন্ত্রীর সঙ্গে বৈঠক করে। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে ১৮ নভেম্বর ফেসবুক ও একাধিক অ্যাপস বন্ধ করে সরকার। যদিও ফেসবুক ১০ ডিসেম্বর এবং অন্যান্য অ্যাপস ১৪ ডিসেম্বর খুলে দেয় সরকার।
/এইচএএইচ/








