মোবাইলফোনে কথা বলার সময় কল কাটা গেলে গ্রাহককে ক্ষতিপূরণ হিসেবে কল মিনিট ফেরত দেওয়ার নির্দেশনা আসছে। চলতি বছরের মধ্যেই এ নির্দেশনা বাস্তবায়ন করতে চায় সরকার।
বুধবার সচিবালয়ে সরকারের দুই বছরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে এক সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম এসব তথ্য জানান। তিনি বলেন, কল ড্রপ হলে কলের মিনিট গ্রাহককে ক্ষতিপূরণ হিসেবে ফেরত দিতে হবে। ২০১৬ সালের মধ্যেই এ সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বিষয়টি মনিটর করবে যে, কিভাবে নির্দেশনাটি বাস্তবায়ন হচ্ছে। কত মিনিট কল ড্রপ হচ্ছে, কত মিনিটের ক্ষতিপূরণ দেওয়া হবে সেসব দেখভালের দায়িত্ব কমিশনের।
গত মাসে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সভাপতিত্বে টেলিযোগাযোগ বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে কল ড্রপে কলের মিনিট ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে জানান তারানা হালিম।
প্রসঙ্গত, এ ধরনের নির্দেশনা আসার আগেই গ্রামীণফোন ও বাংলালিংক কল ড্রপে কল মিনিট ফেরত দেওয়ার ঘোষণা দেয়। কিছুদিন হলো রবিও মাঝে মাঝে কল মিনিট ফেরত দেয়। যদিও রবি এখনও এ ধরনের কোনও ঘোষণা দেয়নি।
লোগো বদলাচ্ছে টেলিটকের
তারানা হালিম জানিয়েছেন, ফেব্রুয়ারিতে টেলিটকের নতুন লোগোর উদ্বোধন করে রি-ব্র্যান্ডিং করা হবে। টেলিটকের বিদ্যমান টপ-আপ এবং সিম সমস্যার সমাধান হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন মোটামুটি সব জায়গায় টেলিচার্জ হচ্ছে, সিমও পাওয়া যাচ্ছে। নেটওয়ার্ক সমস্যার উন্নয়নে টাওয়ারও (বিটিএস) বাড়ানো হচ্ছে বলেও তিনি জানান।
টেলিটককে আরও গতিশীল করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করছি। তিনি জানান, দেশের টেলিযোগাযোগ খাতের এখন পর্যন্ত যে বিনিয়োগ তার মাত্র ৪ শতাংশ টেলিটকের। বাকি ৯৬ শতাংশ অবশিষ্ট ৫ মোবাইলফোন অপারেটরের।
সংবাদ সম্মেলনে তারানা হালিম আরও জানান, চলতি বছরের মার্চের মধ্যে নম্বর ঠিক রেখে অপারেটর বদলে মোবাইল সেবা গ্রহণের পদ্ধতি মোবাইল নম্বর পোর্টেবিলিটি বা এমএনপি চালুর প্রক্রিয়া শুরু হবে। এছাড়া দেশে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (সিসি-টিএলডি) ডট বাংলা উদ্বোধন হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারিতে।
/এইচএএইচ/








