ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ চলমান রয়েছে। এখন বাংলাদেশ এই অঞ্চলের মেধার কেন্দ্রে পরিণত হচ্ছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঢাকায় গুলশানের বে গ্যালারিয়ায় আয়োজিত হুয়াওয়ে বাংলাদেশ অ্যাকাডেমি নামে একটি বিশেষায়িত নলেজ-শেয়ারিং সেন্টার উদ্বোধনকালে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, হুয়াওয়ে বাংলাদেশ একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয়েছে, তা হলো বাংলাদেশ এ অঞ্চলের ট্যালেন্ট হাবে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে এর প্রধান নির্বাহী প্যান জুনফেং, চিফ টেকনিক্যাল অফিসার মাজিয়ান-সহ অন্যান্য ঊচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’র ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের কাছে বড় উদাহরণ। এক্ষেত্রে চীন বাংলাদেশের সঙ্গে এর প্রযুক্তিগত দক্ষতা বিনিময় করতে পারে।
অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, হুয়াওয়ে বাংলাদেশ অ্যাকাডেমি চালু করার মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জনের সুযোগ উন্মুক্ত করবে।









