জনগণের দোরগোড়ায় স্মার্টসেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ ডিজিটাল সেন্টারের সেরা উদ্যোক্তাদের পুরস্কৃত করেছে এটুআই (এসপায়ার টু ইনোভেট)। প্রতি জেলা থেকে একজন নারী ও একজন পুরুষকে সেরা উদ্যোক্তা হিসেবে পুরস্কৃত করা হয়। একইসঙ্গে দেশজুড়ে ডিজিটাল সেন্টারের সেরা তিন উদ্ভাবনী নারী উদ্যোক্তাদের স্মার্ট ডিভাইস দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেশসেরা স্মার্ট উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন এটুআই’র প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়া ‘২০৪১ সালের স্মার্ট ডিজিটাল সেন্টার: উদ্যোক্তার স্বপ্ন এবং প্রত্যাশা’ শীর্ষক প্রতিযোগিতার তিন বিজয়ী উদ্যোক্তাসহ দেশজুড়ে নারী-পুরুষ মিলিয়ে ১৪০ উদ্যোক্তাকে পুরস্কৃত করে এটুআই।
প্রান্তিক জনগণের সরকারি-বেসরকারি স্মার্ট ডিজিটাল সেবার ব্যাপক প্রচারণা ও সেবা প্রদান; স্থানীয় সরকার, জেলা প্রশাসন এবং জনগণের মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা এবং স্মার্ট বাংলাদেশ বিষয়ে নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে গত বছরের ১১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এই ক্যাম্পেইন আয়োজন করা হয়।
মাসব্যাপী এই ক্যাম্পেইন চলাকালে ৭৮ লাখ ৭২ হাজার ২৯৪টি স্মার্টসেবা প্রদান করেন ৮ হাজার ৬৬৩টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। এসময় প্রায় ১০৭ কোটি টাকার লেনদেন হয়। রেমিট্যান্স গ্রহণ করা হয় ৬৭ কোটি টাকা। -বিজ্ঞপ্তি









