ফেসবুক ক্রিয়েটরদের জন্য নতুন বেশ কিছু ফিচার আনতে যাচ্ছে ফেসবুক। এর মধ্যে বিশেষ একটি ফিচার হলো ‘এ/বি টেস্টিং টুল’; যার মাধ্যমে বিভিন্ন ধরনের রিল পরীক্ষামূলকভাবে দেখা যাবে কোনটা ভালো চলবে।
সংবাদমাধ্যম ভার্জ জানায়, এটি একটি সাধারণ মার্কেটিং কৌশল; যার মাধ্যমে দেখা হবে কীভাবে প্রচার করলে ব্যবহারকারীর অংশগ্রহণ তুলনামূলক বেশি হবে। যেমন একটি নিউজ আর্টিকেলে ভিন্ন ভিন্ন হেডলাইন দিয়ে দেখা হবে, কোনটাকে ব্যবহারকারীরা বেশি পছন্দ করতে পারে।
এই পরীক্ষায় রিলের ক্ষেত্রে একটি ভিডিও’র বিপরীতে চারটি ভিন্ন ভিন্ন থাম্বনেইল এবং ক্যাপশন তৈরি করা হবে। ক্রিয়েটররা এখানে থাম্বনেইল অথবা ক্যাপশন যেকোনও একটির ওপর পরীক্ষা চালাতে পারবেন। কিন্তু একইসঙ্গে দুটোর ওপর পারবে না। এরপর এর প্রতিটি সংস্করণ ৩০ মিনিটের জন্য করে ভিন্ন ভিন্ন গ্রুপের ওপর দিয়ে পরীক্ষা চালানো হবে। পরীক্ষা শেষে যে সংস্করণটি সবচেয়ে বেশি প্লে করা হয়েছে সেটাকে বিজয়ী ধরা হবে এবং সেই ভিডিওকেই ক্রিয়েটরের প্রোফাইলে যুক্ত করা হবে, যদি না ক্রিয়েটর সেটাকে পরিবর্তন করেন।
ফিচারটি আপাতত মোবাইলের জন্য চালু করা হয়েছে। মেটা জানিয়েছে, ভবিষ্যতে ক্যাপশন এবং থাম্বনেইল তৈরি করার জন্য এআইকেও ব্যবহার করা হবে। পাশাপাশি মেটা আরও কিছু ফিচারের ঘোষণা দেয় যা কনটেন্ট ম্যানেজকে তুলনামূলক সহজ করে দেবে। ক্রিয়েটরের প্রফেশনাল ড্যাশবোর্ডের মাধ্যমে এখন থেকে তারা দেখতে পারবে তাদের পোস্ট’র পারফরমেন্স কেমন। চাইলে তারা কোনও পোস্টকে হাইড অথবা ট্র্যাশেও পাঠিয়ে দিতে পারবে।









