দেশে ইন্টারনেট ব্যান্ডউইডথের কোনো সংকট নেই এবং ভবিষ্যতেও ঘাটতির আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। একই সঙ্গে ব্যান্ডউইডথ সংকটের কারণে ইন্টারনেটের দাম বাড়ার আশঙ্কা নিয়ে প্রকাশিত সংবাদকে ‘বাস্তবতা বিবর্জিত, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিএসসিপিএলসি জানায়, দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা পূরণে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বর্তমানে চালু থাকা দুটি সাবমেরিন ক্যাবল সিস্টেম (SEA-ME-WE-4 ও SEA-ME-WE-5)-এর সম্মিলিত সক্ষমতা প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস। এর মধ্যে প্রায় ৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে। আরও প্রায় ৩ হাজার ২০০ জিবিপিএস সরবরাহের সক্ষমতা রয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, দেশের ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় SEA-ME-WE-6 নামের আরও একটি ‘Trusted’ সাবমেরিন ক্যাবল সিস্টেম বাস্তবায়নের কাজ চলছে। ২০২৭ সালে এটি চালু হলে এর মাধ্যমে মোট ৩৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে। ফলে ২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন ক্যাবলগুলোর মোট ব্যান্ডউইডথ সক্ষমতা দাঁড়াবে ৪১ হাজার জিবিপিএসে।
বিএসসিপিএলসি আরও জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর প্রক্ষেপণ অনুযায়ী ২০৩০ সালে দেশে মোট ব্যান্ডউইডথের চাহিদা দাঁড়াবে ৩০ হাজার জিবিপিএস। ফলে রাষ্ট্রায়ত্ত ক্যাবলগুলোর সক্ষমতা দিয়ে দেশের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা সম্ভব হবে।
এ ছাড়া ছয়টি আইটিসি অপারেটরের মাধ্যমেও চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ আমদানি করা হচ্ছে। একই সঙ্গে বিএসসিপিএলসি চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার কাজও শুরু করেছে।
ইন্টারনেটের দাম বাড়ার আশঙ্কা প্রসঙ্গে বিএসসিপিএলসি জানায়, তারা ইতোমধ্যে ব্যান্ডউইডথের ক্রমাগত মূল্য হ্রাসসহ গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্যাকেজ চালু করেছে। এতে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ আরও সাশ্রয়ী হয়েছে। ভবিষ্যতে ব্যান্ডউইডথের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে আরও সাশ্রয়ী মূল্যে ব্যান্ডউইডথ সরবরাহ করা হবে।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টালে ‘ব্যান্ডউইডথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইন্টারনেট খাতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা’ এবং ‘ব্যান্ডউইডথ সংকটে বাড়তে পারে ইন্টারনেটের দাম, কমতে পারে গতি’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এসব সংবাদকে বিভ্রান্তিকর উল্লেখ করে বিএসসিপিএলসি জানিয়েছে, দেশের ব্যান্ডউইডথ সংকট কিংবা দাম বৃদ্ধি নিয়ে বিভ্রান্তিকর প্রচারে কান না দিতে।
প্রতিষ্ঠানটি জানায়, দেশের ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় কৌশলগত তথ্য কাঠামোর নিরাপত্তা নিশ্চিতে বিএসসিপিএলসি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।









