প্রযুক্তিপ্রেমীদের চোখ এখন অ্যাপলের দিকে। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হচ্ছে অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘অ্যাপল ইভেন্ট ২০২৬’; যেখানে নতুন কিছু পণ্য উন্মোচন করবে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের এই আয়োজনে নতুন আইফোনের পাশাপাশি একাধিক চমক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এবারের আয়োজনটি অ্যাপলের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিনের প্রধান নির্বাহী টিম কুকের বিদায়ের পর নতুন প্রধান নির্বাহী জন টার্নাসের নেতৃত্বে এটিই প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান। চলতি মাসের শুরুতেই টিম কুক প্রধান নির্বাহীর পদ ছেড়ে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। তাঁর জায়গায় প্রধান নির্বাহী হয়েছেন জন টার্নাস।
সবচেয়ে বড় চমক ফোল্ডেবল আইফোন?
এবারের অনুষ্ঠানে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল (ভাঁজযোগ্য) আইফোন নিয়ে। দীর্ঘদিন ধরেই অ্যাপলের ফোল্ডেবল আইফোন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার সেটি বাস্তবে দেখা যেতে পারে বলে জোরালো আলোচনা রয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, ফোনটি বইয়ের মতো ভাঁজ করা যাবে। বন্ধ অবস্থায় এটি সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহার করা যাবে, আবার খুললে পাওয়া যাবে বড় পর্দা। এর নকশা অনেকটা পাসপোর্টের মতো হতে পারে বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
গুঞ্জন অনুযায়ী, এই ফোনটির নাম ‘আইফোন আল্ট্রা’ হতে পারে। দামও অ্যাপলের প্রচলিত আইফোনের তুলনায় অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এর দাম ২ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি হতে পারে।
আসছে আইফোন ১৮ প্রো, প্রো ম্যাক্স
ফোল্ডেবল আইফোনের পাশাপাশি আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচনের সম্ভাবনা রয়েছে। নতুন মডেলগুলোতে ক্যামেরা, ব্যাটারি ও নকশায় পরিবর্তন আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
আইফোন ১৮ প্রো সিরিজে পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা, আরও ছোট ডায়নামিক আইল্যান্ড এবং বড় ব্যাটারির মতো পরিবর্তন আসতে পারে বলে গুঞ্জন রয়েছে।
তবে সাধারণ আইফোন ১৮ এবারের অনুষ্ঠানে নাও আসতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, সাধারণ মডেলটি আগামী বছরের বসন্তে উন্মোচন করা হতে পারে।
নতুন অ্যাপল ওয়াচেও থাকতে পারে চমক
আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচ উন্মোচনের সম্ভাবনাও রয়েছে। ধারণা করা হচ্ছে, অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ এবারের অনুষ্ঠানে দেখা যেতে পারে।
নতুন ঘড়িগুলোতে স্বাস্থ্য পর্যবেক্ষণ, ব্যাটারি ও নকশায় উন্নতির পাশাপাশি নতুন কিছু সুবিধা যুক্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
নতুন এয়ারপডসেরও সম্ভাবনা
এবারের অনুষ্ঠানে নতুন এয়ারপডস উন্মোচন করা হতে পারে বলেও আলোচনা রয়েছে। এতে নতুন চিপ ও স্বাস্থ্য পর্যবেক্ষণের কিছু সুবিধা যুক্ত হতে পারে।
তবে ক্যামেরাযুক্ত এয়ারপডসের মতো বড় পরিবর্তন এবারের অনুষ্ঠানে নাও আসতে পারে। এমন পণ্য ২০২৭ সালে আসতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে ধারণা করা হয়েছে।
জন টার্নাসের প্রথম বড় পরীক্ষা
পণ্য উন্মোচনের পাশাপাশি এবারের আয়োজন অ্যাপলের নেতৃত্ব পরিবর্তনের কারণেও গুরুত্বপূর্ণ। টিম কুকের দীর্ঘ নেতৃত্বের পর জন টার্নাসের হাতে এখন অ্যাপলের প্রধান নির্বাহীর দায়িত্ব।
অ্যাপলের হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের দীর্ঘদিনের দায়িত্বে থাকা টার্নাস এবার প্রথমবারের মতো বড় পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রধান নির্বাহী হিসেবে নেতৃত্ব দেবেন। ফলে নতুন পণ্যের পাশাপাশি তাঁর নেতৃত্বে অ্যাপল কোন পথে এগোতে চায়, সেদিকেও নজর থাকবে প্রযুক্তি অঙ্গনের।
কখন শুরু, কোথায় দেখা যাবে?
অ্যাপলের ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানটি বাংলাদেশ সময় আজ রাত ১১টায় শুরু হবে। অ্যাপলের নিজস্ব ওয়েবসাইট, অ্যাপল টিভি এবং ইউটিউবের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।









