যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে জেনসেন হুয়াংয়ের ফিরে আসায় আপত্তি নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা গুপ্তচর সন্দেহে এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে পদ ছাড়তে বাধ্য হওয়ার পর হুয়াংয়ের পুনর্বহালের দাবিতে এবার সমর্থন জানালেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সোমবার হোয়াইট হাউস থেকে ফিলিপাইন ও চীন সফরের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, তিনি মনে করেন হুয়াং ‘একটি বড় শিক্ষা পেয়েছেন’ এবং তার চীন সফরের সময় এই অভিযোগগুলোর প্রসঙ্গ উঠতে পারে।
এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের ফিরে আসার সম্ভাবনা নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই এতে আপত্তি করবো না। তিনি ফিরে আসতে পারেন। অনেক মানুষই চান তিনি ফিরে আসুন’।
রবিবার ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার সিইও পদে ফেরার বিষয়টি বিবেচনা করছেন হুয়াং। এ নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গেও আলোচনা করেছেন তিনি।
হুয়াংকে পুনর্বহালের দাবিতে চালু করা একটি পিটিশনে ১ লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে সংশ্লিষ্ট ওয়েবসাইট সূত্রে জানা গেছে। স্বাক্ষরকারীদের তালিকায় স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক, রেপ্লিটের সিইও আমজাদ মাসাদ এবং এপিক গেমসের সিইও টিম সুইনির নাম রয়েছে।
এনভিডিয়ার নেতৃত্বে ফিরতে চান জেনসেন হুয়াং, তৎপর মিত্ররা