ভিভানকো ব্র্যান্ডের নেটওয়ার্কিং পণ্যের বাংলাদেশে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর হলো স্মার্ট টেকনোলজিস। বৃহস্পতিবার রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের বজারে জার্মান এই ব্র্যান্ডের যাত্রা শুরু উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিভানকো এশিয়া হেড কোয়ার্টারের প্রেসিডেন্ট তান জিয়াও গান, ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর অ্যান্ডি রু, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার এরিক পেং, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর আবু সায়েম এবং স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম।
ভিভানকোর প্রেসিডেন্ট তান জিয়াও গান বলেন, গুণগত মান ঠিক রেখেই নেটওয়ার্কিং পণ্য প্রস্তুত করে থাকে ভিভানকো। আমরা আশা করছি, স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে বাংলাদেশের বাজারে আইটি অবকাঠামো নির্মাণে ভিভানকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। অনুষ্ঠানে ভিভানকোর মাধ্যমে ডেটা সেন্টার তৈরির একটি সচিত্র প্রতিবেদন দেখানো হয়।
এখন থেকে স্মার্ট টেকনোলজিসে ভিভানকো ব্র্যান্ডের সব ধরনের কপার ক্যাবল, ফাইবার ক্যাবল, র্যাক, প্যাচকর্ড, মডুলার জ্যাক, কানেক্টর, প্যাচ প্যানেলসহ নেটওয়ার্কিং যন্ত্রাংশ পাওয়া যাবে বলে জানান জহিরুল ইসলাম।
/এইচএএইচ/








