আমার এজেন্ডা তিনটি: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ২০:৩০আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২০:৪২

মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তিনটি এজেন্ডা ধরে এগোতে চান। প্রথমত ইন্টারনেট, দ্বিতীয়ত শিক্ষাকে ডিজিটালে রূপান্তর এবং তৃতীয়ত সরকারি সব কাজ ডিজিটালাইজেশন করা। এই তিনটি এজেন্ডা বাস্তবায়নই হবে তার প্রথম কাজ। যদিও এই এজেন্ডা বাস্তবায়ন করতে হলে তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তিনি আনন্দের সঙ্গে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে চান বলে জানান।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজারের বেসিস সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মোস্তাফা জব্বার এসব তথ্য জানান।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন বুধবার দেশের সফটওয়্যার ও সেবাপণ্য নির্মাতাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এ সংবর্ধনার আয়োজন করে। মোস্তাফা জব্বার বেসিসের বর্তমান সভাপতি।

প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি অনেক বিষয়ে কথা বলেন। টেলিযোগাযোগ খাত, তথ্যপ্রযুক্তি, বিসিএস, বেসিসের জন্ম, জনশক্তি রফতানিকারক থেকে সাংবাদিকতা, সেখান থেকে সফটওয়্যার শিল্পে আসা, সফটওয়্যার শিল্প থেকে মন্ত্রী হওয়া নিয়ে তিনি স্মৃতিচারণ করেন।

এজেন্ডার বিষয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘প্রথম এজেন্ডা হলো ইন্টারনেট। এর আবার দুটো বিষয়- দাম আয়ত্তে থাকতে হবে। আমার গ্রামের মানুষও ইন্টারনেট ব্যবহার করবে এবং তার জন্য যতটুকু সহায়তা দেওয়ার প্রয়োজন দিতে হবে। এছাড়া, ইন্টারনেটে গতি থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমাদের মোবাইল ফোন অপারেটর, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারসহ সংশ্লিষ্ট আরও যেসব অপারেটর রয়েছে এবং তাদের মধ্যে যেসব সমস্যা বিদ্যমান, তা যদি সারিয়ে দেওয়া যায়, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি এখন ইন্টারনেট যে অবস্থায় আছে, সে অবস্থায় থাকবে না। বর্তমান অবস্থার পরিবর্তন করা সম্ভব। একবছর অনেক সময়। ইন্টারনেট সেবা ব্যবস্থার পরিবর্তন করতে এত সময় লাগার কথা নয়।’

তিনি ইংরেজি ভাষার বিরোধী নন উল্লেখ করে বলেন, ‘যে দেশের ৯৬ ভাগ মানুষ ইংরেজি বোঝে না। সেই ৯৬ ভাগ মানুষের কাছে পৌঁছাতে হলে বাংলায় কনটেন্ট নিয়ে পৌঁছাতে হয়। ফলে সেই দেশের সব কিছু বাংলায় হওয়া উচিত। আমরা একটি সংগ্রামের মধ্যদিয়ে ভাষার দাবি প্রতিষ্ঠা করেছি। তারই ধারাবাহিকতায় এ দেশ পেয়েছি। ফলে বাংলার স্থান সবার ওপরে। তবে প্রয়োজনে এবং যেখানে প্রয়োজন হবে, সেখানে ইংরেজি ব্যবহারে আমার কোনও আপত্তি নেই।’ তিনিও প্রয়োজনে ইংরেজিতে কথা বলেন ও লেখেন বলে মন্তব্য করেন।

দ্বিতীয় এজেন্ডা হিসেবে শিক্ষাকে ডিজিটালে রূপান্তর করার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শিক্ষা উপকরণকে ডিজিটালে রূপান্তর করা হলে আগামী প্রজন্ম এই মাধ্যমে অভ্যস্ত হয়ে ওঠবে।’ এছাড়া, সরকারের সব কাজ ডিজিটাল পদ্ধতিতে করার উদ্যোগ গ্রহণ করবেন বলে তিনি জানান।            

সমস্যা জর্জরিত টেলিযোগাযোগ বিভাগ নিয়ে তিনি বলেন, ‘টেলিকম ডিভিশনের ভেতরে ক্যান্সারের মতো সমস্যা বিরাজ করছে কিন্তু সেই সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেওয়া হয়নি।’ মন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট যারা আমাকে ফোন করেছেন তারা বলেছেন, তারা একটি কানাগলির মধ্যে বসে আছেন। এসব সমস্যা দূর না হলে আমরা যে স্বপ্ন দেখি, তা বাস্তবায়ন করতে পারবো না।’

তিনি পেশাগত জীবনের শুরুতে ট্রাভেল ব্যবসা করতেন। পরে সেখান থেকে সরে এসে সাংবাদিকতা পেশার পাশাপাশি সফটওয়্যার শিল্পে প্রবেশ করে। তিনি বলেন, ‘পেশা বদল না করলে বর্তমানে আমি আদম ব্যাপারী হিসেবে থাকতাম।’ তিনি প্রথম পর্যায়ে ১০০ দিনের একটি পরিকল্পনা তথা কর্মসূচি হাতে নিয়েছেন। দুই একদিনের মধ্যে তিনি তার করণীয় ঠিক করবেন বলে জানান।

অনুষ্ঠানে বেসিসের বর্তমান ইসি কমিটি, সাবেক একাধিক সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

/এইচএএইচ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম