তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ২০২১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক । তিনি বলেন, ‘এজন্য আমাদের সরকার এরই মধ্যে অনেকগুলো পদক্ষেপ নিয়েছে।’
মঙ্গলবার সকালে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে তিন দিনব্যাপী সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটর কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এটি এ কাউন্সিলের ১৭তম সমাবেশ।
মন্ত্রী বলেন, টেলিকম খাত বর্তমানে জিডিপিতে ৬ শতাংশ অবদান রাখছে। এ অঞ্চলের আর্থিক উন্নয়নের জন্য মোবাইল ফিন্যান্সশিয়াল সার্ভিসকে (এমএফএস) টেলিকম খাতে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘তথ্য-প্রযুক্তি সেবা আরও উন্নতি করতে গেলে এর বিকেন্দ্রীকরণ করতে হবে। আমাদের দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা অনেক। তারপরও অন্যান্য দেশের তুলনায় বিভিন্ন সূচকে আমরা পিছিয়ে আছি। কারণ আমরা ভয়েস নির্ভর। আমাদেরকে বিভিন্ন সেবা নির্ভরের দিকে আগাতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযেগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, ভারতের টেলিযোগাযোগ সংস্থার চেয়ারম্যান আর এস শর্মা ও এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির (এপিটি)মহাসচিব আরিওয়ান হাওরানসি।
তিনদিনব্যাপী সম্মেলন বিভিন্ন কর্ম অধিবেশন, পেপার প্রেজেনটেশনসহ টেলিযোগাযোগের বিভিন্ন খাত নিয়ে আলোচনা হবে। সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার (৬ অক্টোবর)। কাউন্সিলে সাকর্ভুক্ত ৮টি দেশে ও ইরান এবং দেশি-বিদেশি মিলে ৯০ জন টেলিযোগাযোগ বিশেষজ্ঞ অংশ নিচ্ছে।
/এইচএএইচ/এসটি/








