বিভ্রান্তিকর টুইটের বিরুদ্ধে ব্যবহারকারী যেন অভিযোগ করতে পারে এমনই একটি টুলের পরীক্ষা চালানো শুরু করেছে টুইটার। এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষাটি আপাতত যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াতে কিছু ব্যক্তির মাধ্যমে চালানো হবে। যদিও এটি পরীক্ষামূলক তারপরও আগের তুলনায় এটি একটি অনেক ভালো পদক্ষেপ।
সংবাদ মাধ্যম এনগেজেট জানায়, নতুন এই টুলের মাধ্যমে ব্যবহারকারী রাজনৈতিক এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এখানে সাব ক্যাটাগরি হিসেবে রাজনীতি এবং কোভিড-১৯ দেওয়া আছে। কেননা গত দেড় বছর এই দুটি বিষয়েই প্রচুর বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে এই প্ল্যাটফর্ম দিয়ে।
তবে এই অভিযোগ করা তথ্য টুইটার কীভাবে নিয়ন্ত্রণ করবে তা এখনও পরিষ্কারভাবে জানানো হয়নি। আবার ফেসবুক যেমন অসংখ্য ফ্যাক্ট চেকার দিয়ে বিষয়টি নিয়ন্ত্রণ করে তার বিপরীতে টুইটারের ফ্যাক্ট চেকিংটি খুব কমই ফোকাস হয়েছে। এক টুইটে প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীদের এটি আশা করা ঠিক হবে না যে, সব অভিযোগের বিরুদ্ধেই আমরা সাড়া দিতে পারবো। তবে এই অভিযোগগুলো থেকে বিভ্রান্তিকর তথ্যের ধরণ সম্পর্কে ধারণা নিয়ে বড় পরিসরে কাজ করা আমাদের পক্ষে সম্ভব হবে।









