তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) কারখানাগুলোকে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ ও ঝামেলাহীন ডিজিটাল ঋণসেবা দিতে চুক্তি করেছে ডানা ফিনটেক ও মার্চেন্ট বে। সম্প্রতি এ চুক্তি সই হয়। বুধবার (৯ ফেব্রুয়ারি) মার্চেন্ট বে থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির ফলে তৈরি পোশাক খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানাগুলোর চলতি পুঁজি ঋণ সহায়তা এবং ইনভয়েস ফাইন্যান্সিং বিষয়ক আর্থিক সেবা পাওয়া সহজ হবে। এছাড়া ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কারখানার শ্রমিকদেরও বিভিন্ন আর্থিক সুবিধার আওতায় আনা সম্ভব হবে।
চুক্তি অনুসারে, এমবেডেড ঋণ ইঞ্জিন প্রদানকারী প্রতিষ্ঠান ডানা ফিনটেকের নিজস্ব ঋণ প্রদান পদ্ধতি ব্যবহার করে বিটুবি মার্কেট প্লেস সেবাদানকারী প্রতিষ্ঠান মার্চেন্ট বে তৈরি পোশাক খাতের এসএমই ব্যবসায়ীদের ক্রেডিট স্কোর তৈরি করবে। এর মাধ্যমে ব্যবসায়ীরা সরাসরি সহযোগী ব্যাংকগুলোর কাছে এসএমই ঋণ ও ইনভয়েস ফাইন্যান্সের আবেদন করতে পারবেন।
চুক্তির বিষয়ে ডানা ফিনটেকের সিইও গাজী ইয়ার মোহাম্মদ বলেন, ‘বর্তমানে দেশের ৯০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) কারখানাগুলোর ক্রেডিট স্কোর এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট না থাকার কারণে ব্যাংকগুলো থেকে ঋণ নিতে পারে না। ডিজিটাল আন্ডাররাইটিং প্ল্যাটফর্ম না থাকা এবং ঋণ প্রদানের ক্ষেত্রে প্রক্রিয়া ব্যয় বেশি হওয়ার কারণে ব্যাংকগুলোও এসএমই খাতকে ঋণ প্রদান করতে পারে না।’
এ বিষয়ে মার্চেন্ট বে’র প্রধান নির্বাহী আবরার হোসেন সায়েম বলেন, ‘মার্চেন্ট বে ও ডানা মিলিতভাবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের এসএমই কোম্পানিগুলোর জন্য সহজ একটা সমাধান নিয়ে আসবে।’









