বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) নতুন সভাপতি হলেন মেম্বারস ভয়েস প্যানেলের দলনেতা সুব্রত সরকার।
বুধবার (১৬ মার্চ) সারাদিন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় প্রযুক্তি পণ্য ব্যবসায়ীদের সংগঠন বিসিএস’র ২০২২-২৪ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) অনুষ্ঠিত নির্বাচনের পরে রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। রাতেই বিজয়ীদের মধ্যে পদ বণ্টন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন—মো. রাশেদ আলী ভূঁঞা (ভাইস প্রেসিডেন্ট), মো. কামরুজ্জামান ভূঁইয়া (মহাসচিব), মো. নজরুল ইসলাম হেলালি (কোষাধ্যক্ষ) এবং ৩ জন পরিচালক হলেন—সমমনা প্যানেলের মোহাম্মদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মনিরুল ইসলাম ও মোশারফ হোসেন সুমন ।
ঘোষিত ফলে সমমনা প্যানেল থেকে ৩ এবং মেম্বারস ভয়েস প্যানেল থেকে ৪ জন বিজয়ী হন। বিজয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় মেম্বারস ভয়েস প্যানেল কমিটি গঠন করে। তবে সমমনা প্যানেলের দলনেতা স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মোহাম্মদ জহিরুল ইসলাম সর্বোচ্চ ভোট (৮৮২) পান।
সংগঠনের ১ হাজার ৪৩৪ ভোটারের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট দেন ১ হাজার ৩৪২ ভোটার। চারটি ভোট বাতিল হয়। রাতে ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান শাফকাত হায়দার।
এর আগে, ৮০৪ ভোট পেয়ে মো. রাশেদ আলী ভূঁঞা, ৭৮৯ ভোট পেয়ে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনালের মো. নজরুল ইসলাম হেলালি, ৭৮৭ ভোট পেয়ে সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া, ৭৩৩ ভোট পেয়ে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, ৬৯২ ভোট পেয়ে মেম্বারস ভয়েস প্যানেলের দলনেতা সুব্রত সরকার এবং ৬৩৪ ভোট পেয়ে স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন নির্বাচিত হন।









