নতুন ইনভিজিবল স্পিকার প্রযুক্তি ডেভেলপ করছে এলজি। গাড়িতে ব্যবহারযোগ্য এই স্পিকারটিতে ব্যবহার হচ্ছে পাসপোর্ট সাইজের একটি ভাইব্রেটিং প্যানেল। এই প্যানেলটিই শব্দ তৈরি করবে। এটি তৈরি করতে নামহীন একটি গ্লোবাল অডিও কোম্পানির সঙ্গে কাজ করছে এলজি।
সংবাদমাধ্যম ভার্জ জানায়, নতুন এই প্রযুক্তি স্পিকারের গতানুগতিক সিস্টেমকে পাল্টিয়ে দিবে। গাড়ির ভেতরে স্পিকারে যেসব যন্ত্রাংশ যেমন— ভয়েস কয়েল, চুম্বক ব্যবহার করা হয় তার বিপরীতে এলজি’র নতুন প্রযুক্তির স্পিকারে ব্যবহার করা হয়েছে মাত্র ডিসপ্লে ফিল্মের মতো একটি এক্সাইটার প্রযুক্তি যা ডিসপ্লে প্যানেল অথবা গাড়ির ভেতরের বিভিন্ন যন্ত্রাংশ থেকে কম্পনের মাধ্যমে শব্দ তৈরি করবে। এলজি দাবি করে এর মাধ্যমে ত্রিমাত্রিক শব্দের অভিজ্ঞতা পাওয়া যাবে।
প্যানেলটির পুরুত্ব ২.৫ মিলিমিটার আর দৈর্ঘ্য-প্রস্থতে রয়েছে ১৫০×৯০ মিলিমিটার। এমন পাতলা আর ছোট হওয়াতে প্যানেলটিকে গাড়ির বিভিন্ন স্থানে যেমন—ড্যাশবোর্ড, হেডলাইনার, পিলার এবং হেডরেস্ট ইত্যাদি স্থানে বসানো যাবে। প্যানেলটির ভর মাত্র ৪০ গ্রাম।
ভার্জ জানায়, এলজি এবং সনি উভয় প্রতিষ্ঠানই তাদের ওএলইডি টিভিতে ভাইব্রেটিং প্যানেল ব্যবহার করেছে। আর এই প্রযুক্তিটি সম্পূর্ণ নতুন আবিষ্কারও নয়। তারপরও এটি বাজারে না আসা পর্যন্ত বুঝা যাচ্ছে না গতানুগতিক স্পিকার সিস্টেমকে এটি সত্যিকার অর্থেই প্রতিস্থাপন করতে পারবে কিনা—এমনটি মন্তব্য করেছে সংবাদমাধ্যম ভার্জ।
এলজি জানায়, আগামী বছর জুনের মধ্যেই তারা এটি বাজারে আনার চেষ্টা করবে।









