তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা বিভাগের সভাকক্ষে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সভায় উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা অনুযায়ী, গুণগত মান বজায় রেখে দ্রুত প্রকল্পগুলোর অগ্রগতি শতভাগ নিশ্চিত এবং যথাসময়ে কাজ শেষ করতে প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরসহ বিভাগের অধীন বিভিন্ন সংস্থা প্রধান এবং বিভিন্ন প্রকল্পের পরিচালকরা উপস্থিত ছিলেন।
সভায় আইসিটি বিভাগের চলতি অর্থবছরে গৃহীত প্রকল্পগুলোর বাস্তবায়ন পরিকল্পনা, মাসভিত্তিক বাস্তব ও আর্থিক লক্ষ্যমাত্রা অর্জন, গৃহীত সিদ্ধান্ত এবং জনবল নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংস্থা প্রধান ও প্রকল্প পরিচালকরা নিজ নিজ প্রকল্পের বাস্তবায়ন পরিকল্পনা ও সর্বশেষ অগ্রগতি সভায় তুলে ধরেন।
সভায় জানানো হয়, আইসিটি বিভাগের নভেম্বর পর্যন্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি ২২ দশমিক ৮৯ শতাংশ।
উল্লেখ্য, চলতি অর্থবছরে আইসিটি বিভাগের অধীন ২টি কারিগরিসহ মোট ২৮টি প্রকল্পের জন্য বরাদ্দ এক হাজার ৫৯৫ কোটি ৭৮ লাখ টাকা।









