বৈদেশিক মুদ্রার বিনিময়হারজনিত লোকসানের কারণে ২০২২ সালে রবির কর পরবর্তী মুনাফা (পিএটি) ৪৯ শতাংশ কমে গেছে। এতে ৩৬১ কোটি টাকার পরিবর্তে রবির পিএটি হয়েছে ১৮২ দশমিক ৭ কোটি টাকা। এর ফলে প্রায় ১৭৯ কোটি টাকা মুনাফা হারিয়েছে অপারেটরটি।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) ২০২২ সালের আর্থিক ফলাফল প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে রবি। অনলাইন প্ল্যাটফর্মে এই ফল প্রকাশ করা হয়।রবির মোবাইল ইন্টারনেটের ব্যবহার ২০২১ সালের তুলনায় ২০২২ সালে বাড়লেও ডাটা খাত থেকে অপারেটরটির ২ শতাংশের মতো আয় বৃদ্ধি পেয়েছে।
মোট গ্রাহকের ৫৩ শতাংশ ফোরজি গ্রাহক নিয়ে ২০২২ সালেও ফোরজি সেবায় শীর্ষ স্থান ধরে রেখেছে রবি। ২০২২ সালে রবির মোট গ্রাহকের প্রায় ৭৬ শতাংশ গ্রাহকই ছিলেন ইন্টারনেট ব্যবহারকারী, যা এ খাতে সর্বোচ্চ।
২০২১ সালের তুলনায় ২০২২ সালে প্রতি মাসে গ্রাহকপ্রতি ডাটা (ইন্টারনেট) ব্যবহারের পরিমাণ ৩৬ শতাংশ বেড়েছে। ২০২২ সালে রবির ডাটা ব্যবহারকারীরা গড়ে প্রতি মাসে ৫ দশমিক ৫ জিবি ডাটা ব্যবহার করেছেন।
২০২১ সালের তুলনায় ২০২২ সালে রবির গ্রাহক সংখ্যা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৫ কোটি ৪৪ লাখে পৌঁছেছে, যা দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর ৩০ শতাংশ। একইসঙ্গে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ডাটা গ্রাহক সংখ্যা ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ কোটি ১১ লাখে পৌঁছেছে এবং রবির ফোরজি গ্রাহক সংখ্যা ২১ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ৮৯ লাখে পৌঁছেছে।
২০২২ সালে ভয়েস সেবায় রবির আয় বৃদ্ধি পেয়েছে ৯ শতাংশ। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২২ সালের একই প্রান্তিকে ভয়েসসেবা থেকে আয়ের হার ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অপরদিকে ডাটা সেবায় ২০২১ সালের তুলনায় ২০২২ সালে আয় বেড়েছে ২ শতাংশের মতো এবং ২০২১ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় ২০২২ সালের একই প্রান্তিকে ডাটাসেবায় আয় বেড়েছে ১৬ শতাংশ। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকে ১২৬ কোটি টাকা কর পরবর্তী (পিএটি) মুনাফাসহ ১৮২ দশমিক ৭ কোটি টাকা পিএটি নিয়ে বছর শেষ করেছে রবি।
কোম্পানির আর্থিক ফলাফল সম্পর্কে রবির সিইও রাজীব শেঠি বলেন, ‘বৈদেশিক মুদ্রার বিনিময়হারজনিত লোকসানের কারণে দুর্দান্ত এক বছরে সাফল্যের দেখা পেলাম না আমরা।’ ডাটা ব্যবসার অস্থিরতার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘টেলিকম খাতে মূল্য নিয়ে অতিরিক্ত প্রতিযোগিতার কারণে ডাটা মূল্য হ্রাস (ইন্টারনেটের দাম কমেছে) পেয়েছে। এর ফলে ৪৫ শতাংশ ডাটা ট্র্যাফিক বৃদ্ধি হওয়া সত্ত্বেও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ডাটা খাত থেকে আমাদের মাত্র ২ শতাংশের মতো আয় বৃদ্ধি পেয়েছে।’









