ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা বলেছেন, নতুন প্রজন্মকে ডিজিটাল মানবসম্পদ হিসেবে গড়ে তোলা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্মার্ট নাগরিক কিংবা স্মার্ট সমাজ দক্ষ মানবসম্পদের ওপর নির্ভরশীল। তিনি চতুর্থ শিল্পবিপ্লব বা পঞ্চম শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ তৈরির জন্য শিক্ষার আমূল পরিবর্তন ও সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
মঙ্গলবার (৩১ অক্টোবর)জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমি মিলনায়তনে অ্যাকাডেমির ১৯৩তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সঙ্গে আয়োজিত মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বিসিএস ৩৮তম ব্যাচে নিয়োগপ্রাপ্ত শিক্ষা ক্যাডারের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে শিক্ষার ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পঞ্চম শিল্পবিপ্লবের উপযোগী মানবসম্পদ তৈরিতে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার আমূল পরিবর্তন দরকার বলে উল্লেখ করেন তিনি।
টেলিযোগোযোগ মন্ত্রী দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় প্রাথমিক বিদ্যালয় ও পাড়া-কেন্দ্রে ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, আশপাশের স্কুলের শিক্ষার্থীরা অনেকে টিসি নিয়ে এসব স্কুলে চলে আসছে। যেসব স্কুলে কম্পিউটার আছে সেসব প্রতিষ্ঠানে ডিজিটাল কনটেন্ট দেওয়ার দাবি উঠেছে।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের যদি সুযোগ-সুবিধা দেওয়া হয়, তাহলে বিশ্বের যেকোনও মানদণ্ডকে তারা অতিক্রম করতে পারবে।
জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির পরিচালক অধ্যাপক শাহ মো. আমির আলীর সভাপতিত্বে অ্যাকাডেমির মহাপরিচালক প্রফেসর ড. নিজামুল করিম সভায় বক্তৃতা করেন।









