স্মার্টওয়াচ কি সত্যিই স্বাস্থ্য পর্যবেক্ষণে নির্ভরযোগ্য

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ১৭:৩২আপডেট : ১৭ জুলাই ২০২৬, ১৭:৫২

একসময় হৃদস্পন্দন, রক্তের অক্সিজেনের মাত্রা বা ঘুমের মানের মতো বিভিন্ন স্বাস্থ্যসূচক জানতে বিশেষায়িত চিকিৎসা যন্ত্রের ওপরই নির্ভর করতে হতো। তবে প্রযুক্তির অগ্রগতিতে এখন এসব তথ্যের সম্ভাব্য রিডিং হাতের কব্জিতে থাকা ছোট্ট স্মার্টওয়াচ থেকেই পাওয়া যাচ্ছে।

অ্যাপল ওয়াচ, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ, গারমিন, ফিটবিট এবং গুগল পিক্সেল ওয়াচের মতো পরিধানযোগ্য ডিভাইসের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলোর স্বাস্থ্য-তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্মার্টওয়াচ স্বাস্থ্য পর্যবেক্ষণে কার্যকর সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এগুলোর তথ্য প্রাথমিক ধারণা দেওয়ার জন্য উপযোগী হলেও চিকিৎসকের পরামর্শ বা হাসপাতালের প্রচলিত চিকিৎসা পরীক্ষার বিকল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়।

হৃদস্পন্দন

বেশির ভাগ স্মার্টওয়াচে হৃদস্পন্দন পরিমাপের জন্য ফোটোপ্লেথিসমোগ্রাফি বা পিপিজি প্রযুক্তি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে ঘড়ির পেছনে থাকা এলইডি সেন্সর ত্বকে সবুজ আলো ফেলে রক্তপ্রবাহের পরিবর্তন বিশ্লেষণের মাধ্যমে হার্টবিটের হিসাব করে।

গবেষণায় দেখা গেছে, বিশ্রামের সময় বা স্বাভাবিক মাত্রার ব্যায়ামের ক্ষেত্রে অ্যাপল ওয়াচ, গারমিন ও ফিটবিটের মতো স্মার্টওয়াচ তুলনামূলকভাবে নির্ভুল ফলাফল দিতে পারে। তবে দ্রুত দৌড়ানো, ভারোত্তোলন বা হাতের অতিরিক্ত নড়াচড়ার সময় সেন্সরের রিডিংয়ে ত্রুটি দেখা দিতে পারে। তাই অস্বাভাবিক ফলাফল পাওয়া গেলে সেটিকে চূড়ান্ত ধরে নেওয়া উচিত নয়।

রক্তে অক্সিজেনের মাত্রা

উন্নতমানের স্মার্টওয়াচে থাকা SpO₂ সেন্সর লাল ও ইনফ্রারেড আলো ব্যবহার করে রক্তে অক্সিজেনের আনুমানিক মাত্রা পরিমাপ করে। এটি দৈনন্দিন স্বাস্থ্য পর্যবেক্ষণে সহায়ক হলেও মেডিকেল-গ্রেডের পালস অক্সিমিটারের বিকল্প নয়।

বিশেষজ্ঞদের মতে, ত্বকের রং, হাতের অবস্থান, ঠান্ডা আবহাওয়া, ট্যাটু, কিংবা ঘড়ি ঢিলাভাবে পরার মতো বিভিন্ন কারণে SpO₂ রিডিংয়ে তারতম্য হতে পারে। তাই দীর্ঘমেয়াদে স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য এটি উপযোগী হলেও রোগ নির্ণয় বা চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু স্মার্টওয়াচের তথ্যের ওপর নির্ভর করা উচিত নয়।

ইসিজি

কিছু উন্নতমানের স্মার্টওয়াচে ১-লিড ইলেকট্রোকার্ডিওগ্রাম (ইসিজি) সুবিধা রয়েছে, যা হৃদস্পন্দনের অনিয়ম এবং অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (এফাইব)-এর মতো সমস্যার সম্ভাব্য ইঙ্গিত শনাক্ত করতে পারে। তবে স্মার্টওয়াচের এই সুবিধা হাসপাতাল বা ক্লিনিকে ব্যবহৃত ১২-লিড ইসিজি পরীক্ষার বিকল্প নয়।

বিশেষজ্ঞদের মতে, স্মার্টওয়াচের ইসিজি হৃদযন্ত্রের কিছু অস্বাভাবিকতা সম্পর্কে সতর্ক সংকেত দিতে পারে, কিন্তু হার্ট অ্যাটাক বা অন্যান্য জটিল হৃদরোগ শনাক্ত করার জন্য এটি যথেষ্ট নয়। কোনো অস্বাভাবিক রিডিং পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ঘুম পর্যবেক্ষণ

স্মার্টওয়াচ শরীরের নড়াচড়া, হৃদস্পন্দন এবং বিভিন্ন সেন্সর ডেটা বিশ্লেষণ করে ঘুমের সময়কাল ও বিভিন্ন ধাপের একটি ধারণা দেয়। এর মাধ্যমে ব্যবহারকারী নিজের ঘুমের অভ্যাস সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারেন।

তবে এটি পলিসমনোগ্রাফি পরীক্ষার মতো ঘুমের সময় মস্তিষ্কের তরঙ্গ, শ্বাস-প্রশ্বাসের কার্যক্রম বা চোখের নড়াচড়া সরাসরি পরিমাপ করে না। তাই ঘুমের ধরন পর্যবেক্ষণে স্মার্টওয়াচ কার্যকর হলেও স্লিপ অ্যাপনিয়া বা অন্যান্য ঘুমজনিত রোগ নির্ণয়ের জন্য এটি নির্ভরযোগ্য বিকল্প নয়।

স্টেপ কাউন্ট

স্টেপ কাউন্টের জন্য স্মার্টওয়াচের অ্যাক্সেলেরোমিটার ও জাইরোস্কোপ সেন্সর শরীরের নড়াচড়া বিশ্লেষণ করে। সমতল পথে হাঁটার সময় হাঁটার ধাপের পরিমাণ সাধারণত নির্ভরযোগ্য হলেও ট্রেডমিলে হাঁটা, খুব ধীরে চলা বা হাত স্থির রেখে চলার ক্ষেত্রে হিসাবে গড়মিল হতে পারে।

ক্যালোরি, VO Max ও স্ট্রেস স্কোর

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বেশি ত্রুটি দেখা যায় ক্যালোরি খরচের হিসাবে, যেখানে বিভিন্ন গবেষণায় ২০-৯০ শতাংশ পর্যন্ত পার্থক্যের কথা উল্লেখ করা হয়েছে। একইভাবে vo₂ ম্যাক্স, স্ট্রেস স্কোর এবং রিকভারি স্কোর স্মার্টওয়াচগুলোতে আলাদা আলাদা করে বা সরাসরি পরিমাপ করা হয় না। হৃদস্পন্দন, চলাফেরা ও অন্যান্য সেন্সর ডেটার ভিত্তিতে অ্যালগরিদম এগুলোর ফলাফল অনুমান করে নেয়। তাই এই সূচকগুলোর ফলাফলকে কোন সুনির্দিষ্ট চিকিৎসা তথ্য নয়, শুধুমাত্র শারীরিক সক্ষমতার প্রাথমিক নির্দেশক হিসেবে বিবেচনা করাই শ্রেয়।

বর্তমানে অ্যাপল, স্যামসাং, গুগলের মতো বড় প্রতিষ্ঠানগুলো স্মার্টওয়াচে স্বাস্থ্য-পর্যবেক্ষণ প্রযুক্তির নির্ভুলতা বাড়াতে নিয়মিত গবেষণা ও অ্যালগরিদম উন্নয়ন করছে। তবুও নির্মাতারা নিজেরাও এসব তথ্যকে মেডিকেল স্ট্যান্ডার্ড পরীক্ষার বিকল্প হিসেবে দাবি করেন না।

অন্যদিকে বাংলাদেশের বাজারে ২ থেকে ৫ হাজার টাকার অসংখ্য চীনা, মাস্টারকপি ও স্বল্পমূল্যের স্মার্টওয়াচ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এসব ডিভাইসের অধিকাংশই রক্তচাপ, রক্তে শর্করা, শরীরের তাপমাত্রা, এমনকি ইসিজি পরিমাপের মতো ফিচারের সক্রিয়তার দাবি করলেও অধিকাংশ ক্ষেত্রেই সেগুলোর পেছনে কোনো স্বীকৃত ক্লিনিক্যাল গবেষণা-ভিত্তিক প্রমাণ নেই। এসব স্মার্টওয়াচে একই সেন্সরের তথ্য ব্যবহার করেই একাধিক স্বাস্থ্য সূচকের ফলাফল দেখানো হয়, যা ব্যবহারকারীর শরীরের বাস্তব অবস্থার সাথে অসামঞ্জস্যপূর্ণ থাকে।

তাই বিশেষজ্ঞদের পরামর্শমতে, একটি ভালো মানের স্মার্টওয়াচকে সার্বক্ষণিক স্বাস্থ্য পর্যবেক্ষণ, ব্যায়ামের অগ্রগতি ও স্বাস্থ্যের প্রাথমিক অবস্থা পরিমাপের সহায়ক হিসেবে ব্যবহার করা উচিত। কোনো অস্বাভাবিক ফলাফল পাওয়া গেলে তা অবহেলা না করে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমে যাচাই করতে হবে।

/এমএএল/
সম্পর্কিত
পাবলিক ওয়াই-ফাইয়ের সুবিধার আড়ালে লুকিয়ে আছে যে বিপদ
পুরোনো ফোন বিক্রির আগে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে
ফেসবুকের বিরক্তিকর নোটিফিকেশন ও ট্যাগিং চিরতরে বন্ধ করার নিয়ম
সর্বশেষ খবর
জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
জুলাই গণহত্যার বিচারের দাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
‘নিষেধ করলে উল্টো হুমকি দেন যাত্রীরা’, শাহজালালে বিশৃঙ্খলা ঠেকাবে কে
‘নিষেধ করলে উল্টো হুমকি দেন যাত্রীরা’, শাহজালালে বিশৃঙ্খলা ঠেকাবে কে
উগ্রবাদী পোস্টের জেরে সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল
উগ্রবাদী পোস্টের জেরে সিঙ্গাপুরে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো
কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো
সর্বাধিক পঠিত
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী