পদ্মা, যমুনা, মনু, খোয়াই ও ধলাই নদী ছাড়া অন্য নদ-নদীর পানি কমতে শুরু করেছে। এই ৫ নদীর পানি বৃদ্ধি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।
এদিকে অন্য নদীগুলোর পানি কমতে শুরু করায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল আছে। অপরদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একইভাবে বাড়ছে গঙ্গা-পদ্মার পানি, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে মনু, খোয়াই ও ধলাই ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি কমছে, যা আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
কেন্দ্র জানায়, তাদের পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশন আছে ১০৯টি। এরমধ্যে পানি বেড়েছে ৭৩টি স্টেশনের, কমেছে ৩৬টির। এদিকে বিপদসীমার ওপরে আছে ১টি স্টেশনের পানি, এখন বন্যা কবলিত আছে এক জেলা।
সুনামগঞ্জের সুরমা নদীর পানি, দেরাই স্টেশনের পুরাতন সুরমা নদীর পানি এবং বাল্লা স্টেশনের খোয়াই নদীর পানি এখন বিপদসীমার নিচে নেমেছে। শুধু কমলাকান্দার সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ২৬ মিটার থেকে নেমে ১৯ মিটার ওপর দিয়ে বইছে এখন।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে টেকনাফে ৭৬ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৩, সিলেটে ২৪, চট্টগ্রামে ২, খুলনায় ৮ ও বরিশালে ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
এদিকে ভারতে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ১৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ত্রিপুরার কৈলা শহরে ৪৩, আসামের শিলচরে ৮৭ এবং তেজপুরে ৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।









