কয়েকদিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। প্রায় সারা ঢাকাজুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। গরমের পর বৃষ্টিতে স্বস্তি নেমে এলেও টানা ঘণ্টা খানেকের বৃষ্টি এখন ভোগান্তিতে পরিণত। যানজট, জলাবদ্ধতা আর ভারী বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস ফেরত সাধারণ মানুষ। আগামী কয়েকদিন থেমে থেমে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
জানা যায়, ঝাড়খন্ড এবং আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে মধ্যপ্রদেশ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
রবিবার (২৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের নদীপথ ও সমুদ্র উপকূলে ঝড়ো বাতাস এবং বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এলাকায় দমকা হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে উপকূলবর্তী অঞ্চলে সাগর উত্তাল থাকতে পারে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে এবং গভীর সাগরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়ো হাওয়ার গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে নদীপথে চলাচলের ক্ষেত্রে নৌযানগুলোকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।









