দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়ারও সম্ভাবনা রয়েছে।
সোমবার (২৩ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
মঙ্গলবার (২৪ মার্চ) বৃষ্টির পরিধি কিছুটা বাড়তে পারে। এ সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
বুধবার (২৫ মার্চ) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে ২৬ ও ২৭ মার্চ দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পাঁচ দিনের শেষে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ঢাকায় সোমবার সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।









