রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এক নারী সার্জেন্টের ব্যাংক হিসাবে একটি কোচিং সেন্টার থেকে ৪৯ লাখ টাকা স্থানান্তরের বিষয় নতুন ব্যাখ্যা দিয়েছেন নিউরন কোচিং সেন্টারের স্বত্বাধিকারী সাইফুল ইসলাম।
তিনি বলেছেন, ‘নারী সার্জেন্ট সাবিহা আক্তার ও তার সাবেক স্বামী পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ পরবর্তী সমঝোতার অংশ হিসেবে ওই অর্থ লেনদেন করা হয়েছিল। তবে এত বড় অঙ্কের টাকা আমার ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি।’
রবিবার (১৫ নভেম্বর) বিকালে নগরীর চণ্ডীপুর কদমতলা মোড় এলাকায় নিউরন কোচিং সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাইফুল ইসলাম। এ সময় অর্থ লেনদেনের পক্ষে বিভিন্ন কাগজপত্র ও তথ্যপ্রমাণ উপস্থাপন করেন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা কমিটির সাবেক আহ্বায়ক। তবে সার্জেন্ট সাবিহাকে টাকা দেওয়ার সময় তিনি ওই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না।
সাইফুল ইসলামের ভাষ্যমতে, ২০২২ সালের ১০ সেপ্টেম্বর সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের বিবাহ বিচ্ছেদ হয়। তালাকনামায় দুজনের স্বাক্ষর রয়েছে। বিবাহ বিচ্ছেদের সময় দেনমোহর বাবদ দুই লাখ টাকা নির্ধারণ করা হলেও পরে ৫০ লাখ টাকায় বিচ্ছেদের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘সমঝোতার দিন মাহবুব আলমের কয়েকটি এফডিআর ভাঙানো হয়। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে ৫০ লাখ টাকা জোগাড় করা হয়। এ সময় সাবিহা, মাহবুব ও আমি নিজে উপস্থিত ছিলাম। সাক্ষী হিসেবে ছিলেন নিউরন নার্সিং কোচিং সেন্টারের কর্মী শোয়েব হুসাইন শান্ত।’
সাইফুলের দাবি, সাবিহা ও মাহবুব দুজনই সরকারি চাকরিতে থাকায় নিজেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ লেনদেন করলে ভবিষ্যতে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছিলেন। এ কারণে আমার ব্যক্তিগত ব্যাংক হিসাব ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। বন্ধুত্ব ও মানবিক বিবেচনায় এতে সম্মতি দিই। পরে আমার ব্যাংক হিসাব থেকে সাবিহার হিসাবে ৪৯ লাখ টাকা স্থানান্তর করা হয়। বাকি এক লাখ টাকা সরাসরি দেওয়া হয়।’
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, ‘বিবাহ বিচ্ছেদ পরবর্তী সময়ে পারিবারিক সমঝোতার এত বড় অঙ্কের অর্থ নিজের ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি। এ জন্য আমি অনুতপ্ত। পুরো লেনদেন নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
এ বিষয়ে বক্তব্য জানতে সার্জেন্ট সাবিহা আক্তার ও পুলিশ কর্মকর্তা মাহবুব আলমের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে এ বিষয়ে সার্জেন্ট সাবিহা আক্তার বলেছিলেন, ‘আমার অ্যাকাউন্টে ৫০ লাখ কেন, এক কোটি-দুই কোটি টাকাও ঢুকতে পারে।’ টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন, ‘যিনি টাকা দিয়েছেন, তাকেই এ বিষয়ে জিজ্ঞেস করুন। আমি সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য নই।’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’