পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাত দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি ও রফতানি বাণিজ্য বন্ধ ঘোষণা করেছেন বন্দরের ব্যবসায়ীরা। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক ও ঈদের ছুটি ব্যাতিত বন্দরের ভেতরের কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ‘পবিত্র ঈদুল আজহা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আগামী ২৫ মে থেকে শুরু করে ৩১ মে পর্যন্ত বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওই সময়ে বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে আমদানি-রফতানি বন্ধ থাকবে। হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক পত্রের মাধ্যমে বিষয়টি ভারতীয় রফতানিকারকসহ বন্দরের সব আমদানি-রফতানিকারকসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হয়েছে।’
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম চালু থাকবে। যথারীতি প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীরা দু দেশের মাঝে যাতায়াত করতে পারবেন।’








