যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হয়েছে এবং তেহরান আর কখনও পরমাণু অস্ত্র অর্জন করবে না বলে সম্মত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) রাতে সিনেট প্রার্থী ব্যারি মুরের সমর্থনে আয়োজিত এক টেলি-র্যালিতে ট্রাম্প এ দাবি করেন।
তিনি বলেন, আপনারা শুনেছেন কি না জানি না, কিন্তু আজ থেকে আমরা ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করেছি। তারা কখনও পরমাণু অস্ত্র রাখবে না বলে সম্মত হয়েছে। এটি এমন একটি বিষয়, যার ওপর আমরা জোর দিয়েছিলাম।
পরে একই আলোচনায় ট্রাম্প আরও বলেন, আজ আমরা ইরানের সঙ্গে বিষয়টি মীমাংসা করেছি।
তিনি দাবি করেন, আমরা একটি দারুণ চুক্তি করেছি। সেখানে কোনও পরমাণু অস্ত্র থাকবে না। খুব শিগগিরই মানুষজন ঘরে ফিরতে শুরু করবে। সবকিছু প্রায় সম্পন্ন। আমরা যা চেয়েছিলাম, তার সবই পেয়েছি।









