অবশেষে বড় পর্দায় আদনান আল রাজীভ, প্রথম সিনেমার ঘোষণা

বিনোদন রিপোর্ট
১২ জুন ২০২৬, ১৫:৩৩আপডেট : ১২ জুন ২০২৬, ১৮:১০

ছোটপর্দা ও বিজ্ঞাপন জগতের তুমুল জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখছেন রূপালি পর্দায়। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত বিজ্ঞাপন, নাটক ও ওটিটি কনটেন্ট উপহার দিলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

আজ শুক্রবার (১২ জুন, ২০২৬) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই আজন্ম স্বপ্নের কথা শেয়ার করে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই নির্মাতা।

সম্প্রতি তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'আলী' কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাওয়ার পর গত পরশুই লন্ডনের মর্যাদাপূর্ণ ‘এসএক্সএসডব্লিউ’ (SXSW) উৎসবে সেরা শর্ট ফিল্মের পুরস্কার জয় করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই জয়জয়কারের মাঝেই এবার নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার ঘোষণা দিলেন তিনি। তবে আদনানের প্রথম সিনেমাটি অ্যাকশন বা থ্রিলার নয়, হতে যাচ্ছে একটি খাঁটি প্রেমের গল্প।

বিজ্ঞাপন নির্মাণের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আদনান আল রাজীব সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, “অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাবো।”

দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই আর অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, “স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।”

সিনেমাটির গল্প তৈরি করার পেছনে তার দীর্ঘ প্রতীক্ষা ও ভালোবাসার গভীরতার কথা উল্লেখ করে এই নির্মাতা আরও বলেন, “গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনো মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।”

সেই কাঙ্ক্ষিত গল্পটি অবশেষে পূর্ণতা পেয়েছে জানিয়ে উচ্ছ্বসিত আদনান রাজীব পোস্টের শেষে লিখেছেন, “হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।”

তবে সিনেমার নাম, মূল অভিনয়শিল্পী কিংবা শুটিং কবে থেকে শুরু হবে—সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। বিজ্ঞাপনী সংস্থা ‘রানআউট ফিল্মস’-এর প্রতিষ্ঠাতা এবং ওটিটির সফল এই নির্মাতার বড় পর্দায় আসার এই ঘোষণায় বিনোদন অঙ্গনের সহকর্মী, চলচ্চিত্র সমালোচক এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

সবার এখন একটাই অপেক্ষা, ওটিটি ও আন্তর্জাতিক উৎসবে আলো ছড়ানোর পর আদনান আল রাজীবের প্রথম সিনেমা প্রেক্ষাগৃহে কেমন ম্যাজিক দেখায়।

/আরএইচ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
কেন বেনজীরের গ্রেফতারের খবরে ‘মজা’ লিখলেন পরীমণি?
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
‘বাংলাদেশ সবসময় আমার পরিচয়ের অংশ থাকবে’, বাংলা ট্রিবিউনকে সানজয়
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
ফেলুদা-ব্যোমকেশ বক্সী’র পর ফের গোয়েন্দা চরিত্রে পরমব্রত
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
অস্ট্রেলিয়ায় পাঁচ শহরে ‘বনলতা সেন’
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন
ভিড়ের মধ্যে রাশমিকার ঢাল হয়ে দাঁড়ালেন কৃতি স্যানন