রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া পূর্বপাড়া (কারিগরপাড়া) এলাকার একটি পাটক্ষেত থেকে এক নারীর গলা ও হাতের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জুলাই) গভীর রাতে কারিগরপাড়া কমিউনিটি ক্লিনিকের পেছনের জমি থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত নারীর নাম আতিকা খাতুন (৪৮)। তিনি কারিগরপাড়ার মৃত আতাহার আলীর স্ত্রী। আতিকা চার সন্তানের জননী। তার দুই ছেলে দুই মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে ছাগল নিয়ে মাঠে গিয়ে আর ফিরে আসেননি আতিকা। তবে সন্ধ্যার আগে ছাগলগুলো ঠিকই বাড়ি চলে আসে। সন্ধ্যা পর্যন্ত না ফেরায় বাড়ির লোকজন মাঠে গিয়ে তাকে খোঁজ করতে থাকে। এক পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের পেছনে পাট ও ভুট্টাক্ষেতে তার লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, লাশের গলাকাটা ছাড়াও তার বাম হাতের কবজির রগ কাটা রয়েছে। এছাড়াও তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে।
ওসি সোহরাওয়ার্দী আরও বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করে। বুধবার সকালে লাশের ময়নাতদন্তে জন্য রাজশাহী মেডিক্যাল (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আর চার জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান তিনি।









