নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। রবিবার (২২ আগস্ট) বিকালে এই আদেশ দেন জেলা আদালত। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হেফাজতে ইসলামের ডাকা হরতালের সহিংসতা ও সন্ত্রাস দমন আইনের তিন মামলায় রনিকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
আসাদুজ্জামান বলেন, আজ বিকাল ৪টায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের আদালতে তোলা হলে জামিন আবেদন করেন রনির আইনজীবীরা। পরে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
তিনি আরও বলেন, গত ২৮ মার্চ সকাল-সন্ধ্যা হরতাল ডাকে হেফাজতে ইসলাম। এ দিন রনিসহ অজ্ঞাত বিএনপি, জামায়াত, শিবির ও হেফাজত ইসলামের ৪০০-৫০০ জন সিদ্ধিরগঞ্জের সাইনবোডের চৌরঙ্গী পেট্রোল পাম্প থেকে মৌচাক পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতাল ও অবরোধের নামে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এ ছাড়া পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ ও হামলা চালায়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ পুলিশের সরকারি কাজে বাঁধা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। তিনটি মামলা বর্তমানে পুলিশ ব্যারো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তবে তিনটি মামলার কোনোটাতেই রনিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়নি।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন জানান, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তিন মামলায় ছাত্রদল নেতা রনিকে গ্রেফতার দেখালে আদালতে শুনানির সময় একটি মামলার কাগজপত্র উপস্থাপন করা হয়। বাকি দুই মামলার নথি উপস্থাপন করা হয়নি। রনির জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শনিবার (২১ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে মশিউর রহমান রনিকে গ্রেফতার করা হয়। সম্প্রতি পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন তিনি।









