ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ সেমিফাইনাল ঘিরে ছিল তুমুল উত্তেজনা। সেই উত্তেজনার প্রতিফলন দেখা গেলো দর্শক সংখ্যাতেও। ম্যাচটি দেখতে সর্বোচ্চ ২ কোটি ৪০ লাখ দর্শক টিভি ও অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলেন। যা গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি দেখা লাইভ কোনও অনুষ্ঠান।
বিবিসি ওয়ান ও বিবিসি আইপ্লেয়ারে সম্প্রচারিত ম্যাচটি ২০২১ সালে অনুষ্ঠিত ইংল্যান্ড-ইতালির ইউরো ২০২০ ফাইনালের পর কোনও সম্প্রচারমাধ্যমে সবচেয়ে বেশি দর্শক সংখ্যায় রেকর্ড গড়েছে।
আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচটিতে বিবিসি ওয়ান ও আইপ্লেয়ারে গড়ে ২ কোটি ২১ লাখ দর্শক খেলা উপভোগ করেন। এছাড়া বিবিসি আইপ্লেয়ার, বিবিসি স্পোর্ট ওয়েবসাইট ও অ্যাপে ম্যাচটি আরও ১ কোটি ২৬ লাখ বার স্ট্রিম করা হয়েছে।
বিবিসি স্পোর্টের লাইভ ম্যাচ কাভারেজ বিশ্বজুড়ে ২ কোটি ৪৬ লাখ বার দেখা হয়েছে। তার মধ্যে শুধু যুক্তরাজ্য থেকেই ছিল ১ কোটি ৮৮ লাখ ভিউ।









