প্রতারণা, অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও প্রাণনাশের হুমকির অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামাল ও চিফ অপারেটিং অফিসার (সিওও) শফিক আহমেদসহ চারজন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে টেলিভিশনটির বার্তা বিভাগের সাবেক কো-অর্ডিনেটর বাবুল আক্তার গত ২৮ জুন এ মামলা করেন।
মঙ্গলবার (১১ আগস্ট) মামলার বিষয় নিশ্চিত করে বাবুল আক্তার বলেন, ‘‘আসামিদের বৃহস্পতিবার (১৩ অগাস্ট) আদালতে হাজির হতে সমন জারি করেন।"
মামলার অন্য আসামিরা হলেন—প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের এজিএম অসীম কুমার এবং হিসাব বিভাগের জেনারেল ম্যানেজার সুমন ভৌমিক।
মামলার বিবরণ থেকে, গত বছরের ১ মে ৭১ টেলিভিশনের বার্তা বিভাগের কো-অর্ডিনেটর বাবুল আক্তার প্রতিষ্ঠানে যোগদান করেন। চলতি বছরের ১২ মে কোনও পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ তার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ও অফিসিয়াল মোবাইল সিম বন্ধ করে দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ১২ জুন আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলে কর্তৃপক্ষ তার মোট পাওনা ২ লাখ ১১ হাজার ৮৪০ টাকার মধ্যে ৮৮ হাজার ১২৫ টাকা পরিশোধ করে। তবে অবশিষ্ট ১ লাখ ২৩ হাজার ৩১৫ টাকা বকেয়া রেখে দেয়।
বিষয়টি আসামিদের মৌখিকভাবে জানান বাবুল আক্তার। খুব শীঘ্রই পাওনা টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হয় তাকে। বাবুল আক্তার অপেক্ষা করতে থাকেন। টাকা চাইলে আজ দেয় কাল দেয় দিচ্ছি বলে তাকে ঘুরাতে থাকেন আসামিরা। গত ২৫ জুন বিকালে বারিধারায় ৭১ টেলিভিশনের কার্যালয়ে বাবুল আক্তার বকেয়া পাওনা টাকা চাইতে গেলে আসামিরা তাকে দেখে নেওয়ার এবং পুনরায় টাকা দাবি করলে প্রাণনাশের হুমকি দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি শুরু






