মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাসের টানাপোড়েনের পর চলতি বছরের শেষের দিকে নিজের পদ থেকে সরে দাঁড়াতে পারেন মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল। বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি।
ড্রিসকল পদ ছাড়লে মার্কিন সেনাবাহিনী সিনেটের অনুমোদন পাওয়া কোনও শীর্ষ নেতা ছাড়াই পরিচালিত হবে। এদিকে ইসরায়েলের সঙ্গে প্রায় ছয় মাস আগে শুরু করা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র যখন উদ্যোগী, তখন তার এই সম্ভাব্য বিদায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
এছাড়াও এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে পেন্টাগনের সব স্তরের নেতৃত্বে চলমান বিশৃঙ্খলাকে আরও বাড়িয়ে তুলবে। এর আগে গত এপ্রিলে মার্কিন সেনাপ্রধান র্যা ন্ডি জর্জ, জয়েন্ট চিফ অব স্টাফের সাবেক চেয়ারম্যান, চিফ অব নেভাল অপারেশনস এবং বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফকে বরখাস্ত করা হয়েছিল।
ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে আরও জানিয়েছে, ড্রিসকল এবং তার পরিবার চলতি গ্রীষ্মেই সেনাসচিবের জন্য নির্ধারিত সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন।
তবে এ বিষয়ে মন্তব্যের জন্য ড্রিসকলের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানাননি।

‘শত্রুদের ষড়যন্ত্র’ মোকাবিলায় সামরিক সক্ষমতা আরও বাড়াতে চায় ইরান







