আম্মারের দাফতরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ রাবি শিবির সভাপতির

রাবি প্রতিনিধি 
২৫ আগস্ট ২০২৬, ২৩:৩০আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ২৩:৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার দাফতরিক ব্যয় হিসেবে যে ৩ লাখ ৭০ হাজার টাকার হিসাব দিয়েছেন, তা বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। তার মতে, সামগ্রিক ব্যয়ের কথা বলে জিএস মূলত নিজের দায় এড়ানোর চেষ্টা করছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবিরের পাঁচ দফা দাবি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নোত্তরে শিবির সভাপতি বলেন, ‘রাকসুর জিএস দাফতরিক ব্যয় হিসেবে ৩ লাখ ৭০ হাজার টাকা দেখানো হয়েছে। এর ব্যাখ্যায় আপ্যায়ন ও যাতায়াত খাতে ব্যয়ের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু এত বড় অঙ্কের টাকা শুধু যাতায়াত ও আপ্যায়নে ব্যয় হয়েছে এমন দাবি সম্পূর্ণ অবাস্তব এবং শিক্ষার্থীরাও বিষয়টি ইতিবাচকভাবে নেবেন না।’

তিনি আরও বলেন, শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তারা ব্যয়ের বিস্তারিত হিসাব ও জবাবদিহি চেয়েছেন। তাদের পাওয়া তথ্য অনুযায়ী, সংস্কৃতি, পরিবেশ ও সমাজকল্যাণ, মিডিয়া ও প্রকাশনা, তথ্য ও গবেষণা, মহিলা বিষয়ক এবং সাহিত্য ও বিতর্ক—এই ছয়টি দপ্তরে মোট প্রায় ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে।

শিবির সভাপতির দাবি, ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের ব্যয়ও হিসাবের আওতায় আনলে সেখানেও সর্বোচ্চ ১০ থেকে ২০ হাজার টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। তাই জিএসের দেওয়া ৩ লাখ ৭০ হাজার টাকার সামগ্রিক হিসাব নিয়ে প্রশ্ন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মুজাহিদ ফয়সাল বলেন, ‘সালাহউদ্দিন আম্মার আমাদের প্যানেল থেকে নির্বাচিত নন। ফলে তার কর্মকাণ্ডের কোনও দায়ভার ছাত্রশিবির নেবে না। তবে আমাদের প্যানেল থেকে নির্বাচিত রাকসু প্রতিনিধিদের কার্যক্রমের দায় সংগঠন বহন করবে।’

অন্যদিকে শিবির সভাপতির বক্তব্যের বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, ‘মুজাহিদ ফয়সাল রাকসুর সদস্য নন। তিনি কোথা থেকে এসব তথ্য পেয়েছেন, সেটি তাকেই জিজ্ঞাসা করা উচিত।’ তার দাবি, সব তথ্য-প্রমাণ, নথি ও ভাউচার পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

আম্মার বলেন, রাকসুর বিধান অনুযায়ী সাধারণ সম্পাদক সংসদের হিসাব পরিচালনা করেন এবং কোষাধ্যক্ষের কাছ থেকে অর্থ গ্রহণ করেন। অর্থ উত্তোলনের সময় সেটি সংসদের দাফতরিক ব্যয় হিসেবে উল্লেখ করা থাকে। তাই পুরো হিসাব প্রকাশের আগে এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়।

তিনি আরও বলেন, তার দায়িত্বের মেয়াদের আরও প্রায় আড়াই মাস বাকি রয়েছে। তাই এখনই সম্পূর্ণ ব্যয়ের হিসাব দেওয়ার সুযোগ নেই। নির্ধারিত সময় শেষে ভাউচারসহ সব হিসাব প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রশিবির পাঁচ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে শতভাগ আবাসন নিশ্চিত করতে সুনির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন ভাতা চালু, আধুনিক ও পূর্ণাঙ্গ মেডিকেল সেন্টার প্রতিষ্ঠা, বিশ্ববিদ্যালয়ের সিনেট কার্যকর করা এবং পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা।

এর আগে গত রবিবার এক সংবাদ সম্মেলনে জিএস সালাহউদ্দিন আম্মার তার দাফতরিক ব্যয় হিসেবে ৩ লাখ ৭০ হাজার টাকা খরচের কথা জানিয়েছিলেন।

/এএম/ 
সম্পর্কিত
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন নিরাপত্তাহীন ছাত্রীরা?
বিশ্ববিদ্যালয়ে নবীনবরণে গোলাম আযমের বই উপহার দিলো শিবির, চলছে সমালোচনা
সর্বশেষ খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে