বিএনপিকর্মী মকবুল হত্যার অভিযোগে পল্টন মডেল থানার মামলায় ঢাকা-৭ আসনের সাবেক দুই সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও সোলায়মান সেলিমকে গ্রেফতার দেখানো হয়েছে।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের গ্রেফতার দেখনোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. রোকনুজ্জামান এ তথ্য জানান।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মো. তোফাজ্জল হোসেন গত ১৯ অগাস্ট সোলায়মান সেলিমকে এবং ২৩ অগাস্ট মোস্তাফা জালালকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির ৩১ আগস্ট দিন ধার্য করেন।
এদিন শুনানিকালে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাদের গ্রেফতার দেখানোর আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
২০২৪ সালের ১৩ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সোলায়মান সেলিম এবং ২০২৫ সালের ২০ জানুয়ারি ভোরে মোস্তফা জালালকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।









