ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য নির্ধারিত নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা মহিবুল্লাহ মুবিন নামে এক যুবকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এস আই মারুফ রেজা এসব তথ্য জানান।
মুবিনের পক্ষে তার আইনজীবী রবিউল আলম জুয়েল জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামি সম্পূর্ণ নির্দোষ। তার মধ্যে নাশকতা করার কোনও অভিপ্রায় ছিল না। তিনি আবেগের বশে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তোলার উদ্দেশ্যে গিয়েছিলেন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে কোনও তথ্য মেলেনি। যেকোনও শর্তে জামিন প্রার্থনা করছি।’
রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ সেপ্টেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয় সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে আসে।
প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রবেশের পরেই মোড় থেকে বাম দিকের লেনে ওই বাইকার প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্বরত সার্জেন্ট তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বাইকসহ ওই যুবককে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।
পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। পরদিন সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয় তাকে। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখে ৭ সেপ্টেম্বর। পরে ওইদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে শনিবার তাকে কারাগারে পাঠানো হয়।








