যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সাত মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে নিজেদের আগের অবস্থানেই অনড় রয়েছে ইরান। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় নিজেদের শর্ত পুনর্ব্যক্ত করে তেহরান জানিয়েছে, এতে নতুন কিছু নেই।
বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের এসব কথা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এই পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরান তাদের প্রধান দুটি দাবি স্পষ্ট করেছে, ইরানি সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ প্রত্যাহার এবং অবরুদ্ধ বা জব্দকৃত ইরানি সম্পদ অনতিবিলম্বে মুক্তি দেওয়া। দাবিগুলোর বিষয়ে বাঘাই বলেন, এতে নতুন কিছু ছিল না।
গত জুন মাসে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে এটিই প্রথম পরোক্ষ বৈঠক। এমন এক সময়ে এই আলোচনা অনুষ্ঠিত হলো যখন ইরানের উপকূলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বিচ্ছিন্ন হামলা অব্যাহত রয়েছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচল যুদ্ধপূর্ব স্বাভাবিক মাত্রার চেয়ে বেশ নিচে নেমে এসেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার পরবর্তী সময়ে সাধারণ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
সূত্র: এপি

জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ






