রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:২১

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে ১০টি পণ্য আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব পণ্য আমদানির এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত বহাল থাকবে।

যেসব পণ্য আমদানিতে সুবিধা

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর— এই ১০ ধরনের পণ্য আমদানির এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।

পাশাপাশি অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানির ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এলসি মার্জিন কমলে আমদানি সহজ হবে

এলসি মার্জিন হলো আমদানি ঋণপত্র খোলার সময় আমদানিকারককে ব্যাংকে যে পরিমাণ নগদ অর্থ জমা দিতে হয়। সাধারণত এলসির মোট মূল্যের নির্দিষ্ট শতাংশ হিসাবে এই মার্জিন নির্ধারণ করা হয়। মার্জিনের হার বেশি হলে আমদানিকারককে বেশি নিজস্ব অর্থ জমা রাখতে হয়। অন্যদিকে মার্জিন কম থাকলে তুলনামূলক কম নগদ অর্থ দিয়েই আমদানি ঋণপত্র খোলা সম্ভব হয়।

কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনার ফলে আমদানিকারকদের প্রাথমিক মূলধনের ওপর চাপ কমবে। বিশেষ করে যেসব ব্যবসায়ী সীমিত নিজস্ব মূলধন নিয়ে আমদানি করেন, তাদের জন্য এলসি খোলা সহজ হতে পারে। এতে আমদানির পরিমাণ বাড়ার পাশাপাশি বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার সুযোগ তৈরি হবে।

অন্যদিকে এলসি মার্জিন বেশি হলে আমদানিকারকদের বড় অঙ্কের অর্থ ব্যাংকে জমা রাখতে হয়। এতে তাদের কার্যকরী মূলধনের ওপর চাপ তৈরি হয় এবং নতুন করে আমদানি করার সক্ষমতা কমে যেতে পারে। এর প্রভাব পড়ে বাজারের সরবরাহ ব্যবস্থায়। ফলে কোনও পণ্যের সরবরাহ কমে গেলে দাম বাড়ার আশঙ্কাও তৈরি হয়।

রমজানে বাড়ে যেসব পণ্যের চাহিদা

প্রতিবছর রমজান মাসে ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি, পেঁয়াজ, মসলা ও খেজুরের মতো পণ্যের চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় বেড়ে যায়। ইফতার ও সেহরির খাবারে এসব পণ্যের ব্যবহার বেশি হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে অতিরিক্ত চাহিদা তৈরি হয়।

এ সময় ছোলা, পেঁয়াজ, বেগুনি ও অন্য ইফতারসামগ্রী তৈরিতে ভোজ্যতেল ও মসলার ব্যবহার বাড়ে। পাশাপাশি শরবত ও মিষ্টিজাতীয় খাবার তৈরিতে চিনির চাহিদাও বৃদ্ধি পায়। খেজুর রমজানে অন্যতম গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য হওয়ায় এ সময় এর আমদানিও বাড়ে।

এ ছাড়া পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে বড় পরিসরে ইফতার আয়োজন এবং রমজানের শুরুতে প্রয়োজনের তুলনায় বেশি পণ্য কিনে রাখার প্রবণতা বাজারে বাড়তি চাহিদার চাপ তৈরি করে।

এ পরিস্থিতিতে রমজানের আগেই প্রয়োজনীয় পণ্য আমদানি ও বাজারে সরবরাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার লক্ষ্যও আমদানি প্রক্রিয়া সহজ করে এসব পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ বজায় রাখা, যাতে রমজানে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঝুঁকি কমানো যায়।

/জিএম/এফআর/
সম্পর্কিত
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
মানিকগঞ্জে তরুণ উদ্যোক্তা বাছাই করবে বাংলাদেশ ব্যাংক, থাকছেন শীর্ষ ব্যবসায়ীরা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
সর্বশেষ খবর
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
অগ্রণী ব্যাংকে জমা রাখা ৩০ কোটি টাকা উধাও, কেন্দ্রীয় ব্যাংকের সামনে গ্রাহকরা
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
গুরুত্বপূর্ণ স্থাপনায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, যা বলছে পুলিশ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
এবার খিলক্ষেত থানা ও রেডিসন হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারী নাকি সন্দেহভাজনদের?
হঠাৎ যত্রতত্র ককটেল, পুলিশ ধরছে নিক্ষেপকারী নাকি সন্দেহভাজনদের?
সর্বাধিক পঠিত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
আজই বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হতে পারে 
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা