যেসব স্থানে এআই চশমা নিষিদ্ধ করতে যাচ্ছে নরওয়ে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৫ অক্টোবর ২০২৬, ১৬:০৭ আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ১৬:০৭

জনসমাগমস্থলে মানুষের অজান্তে ছবি, ভিডিও বা অডিও ধারণের আশঙ্কায় নির্দিষ্ট কিছু স্থানে এআই চশমা ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞার প্রস্তাব দিতে যাচ্ছে নরওয়ে সরকার। সোমবার (০৫ অক্টোবর) দেশটির সরকার এ পরিকল্পনার কথা জানিয়েছে।

সরকারের প্রস্তাব অনুযায়ী, পার্ক, সমুদ্রসৈকত, জাদুঘর, শপিং সেন্টার ও বিভিন্ন জনসমাগমপূর্ণ অনুষ্ঠানের মতো জায়গায় এ নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। এসব স্থানে সাধারণত মানুষ নিয়মিত জড়ো হন।

নরওয়ের ডিজিটালাইজেশন ও পাবলিক গভর্ন্যান্সমন্ত্রী তোরগেইর মিকায়েলসেন বলেন, নতুন ও শক্তিশালী প্রযুক্তি এমনভাবে ব্যবহৃত হচ্ছে, যেখানে মানুষের অজান্তেই তাদের ছবি, ভিডিও বা অডিও ধারণ করা হতে পারে এ নিয়ে তিনি উদ্বিগ্ন।

এ ছাড়া স্কুল, খেলার মাঠ ও তরুণদের ক্লাবের মতো স্থানেও নিষেধাজ্ঞাটি কার্যকর হতে পারে। চিকিৎসকের কার্যালয়, সুইমিং পুল এবং পোশাক পরিবর্তনের কক্ষযুক্ত জিমের মতো ব্যক্তিগত গোপনীয়তার জন্য সংবেদনশীল স্থানও এর আওতায় আসতে পারে।

তবে এআই চশমার ওপর সার্বিক নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নেই বলে জানিয়েছে নরওয়ে সরকার। ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে এবং অন্যদের সম্মতি ছাড়া ছবি, ভিডিও বা অডিও ধারণের ঝুঁকি নেই এমন পরিস্থিতিতে এসব চশমা ব্যবহারের সুযোগ থাকবে।

কোন কোন প্রযুক্তি নিষেধাজ্ঞার আওতায় আসবে, সেটিও পর্যালোচনা করবে সরকার। ক্যামেরা ও অডিও রেকর্ডিং সুবিধাযুক্ত চশমা, ক্যামেরা ও এআই সুবিধাযুক্ত চশমা কিংবা ক্যামেরা, অডিও রেকর্ডিং ও এআই সুবিধাযুক্ত অন্যান্য পরিধানযোগ্য প্রযুক্তিও এর আওতায় থাকবে কিনা, তা খতিয়ে দেখা হবে।

নরওয়ের সংখ্যালঘু সরকার যত দ্রুত সম্ভব এ বিষয়ে একটি বিল পার্লামেন্টে উপস্থাপনের পরিকল্পনা করছে। পাশাপাশি পরিধানযোগ্য প্রযুক্তির স্থায়ী জাতীয় নীতিমালা তৈরির বিষয়ে পরামর্শ দিতে একটি বিশেষজ্ঞ দলও গঠন করা হবে। ক্যামেরাযুক্ত স্মার্ট চশমার মাধ্যমে গোপনে ছবি ও ভিডিও ধারণের আশঙ্কা নিয়ে বিশ্বজুড়েই গোপনীয়তা-সংক্রান্ত উদ্বেগ বাড়ছে। নরওয়ের এই উদ্যোগও সেই উদ্বেগেরই প্রতিফলন।

সূত্র: রয়টার্স

/এসএইচএম/
সম্পর্কিত
জিটিএ-৬ খেলতে কর্মীদের ৫ দিনের ছুটি দিলো জাপানিজ কোম্পানি 
হোয়াটসঅ্যাপে তিন নিরাপত্তা ত্রুটি, ঝুঁকিতে ব্যবহারকারীরা
৬০ হাজার ডলারের নিচে বিটকয়েন, দুই বছরের মধ্যে সর্বনিম্ন
সর্বশেষ খবর
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই’
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম