দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আগামী দুই বছরের মধ্যে একটি সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি আগামী পাঁচ বছরের মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা এবং ভর্তি থেকে সনদ উত্তোলন পর্যন্ত শিক্ষার্থীদের সব সেবা ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে। খবর বাসস।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে ‘উচ্চশিক্ষা ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক পরামর্শমূলক কর্মশালায় এসব পরিকল্পনার কথা জানান ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয়গুলোর তথ্যপ্রযুক্তি বিষয়ের শিক্ষক, গবেষক এবং ইউজিসি ও ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী দুই বছরের মধ্যে সঠিক নেটওয়ার্ক সুবিধা, দ্রুতগতির ওয়াইফাই ও প্রয়োজনীয় অবকাঠামোর মাধ্যমে সব বিশ্ববিদ্যালয়কে নেটওয়ার্কের আওতাভুক্ত করা মূল লক্ষ্য। এই উদ্যোগের ফলে ক্লাসরুমগুলো ডিজিটাল হবে এবং বিশ্ববিদ্যালয়গুলো ধীরে ধীরে ডিজিটাল ক্যাম্পাসে রূপান্তরিত হবে।
শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে ভর্তিপ্রক্রিয়া, ফি পরিশোধ, হলের সিট বরাদ্দ এবং গ্র্যাজুয়েশন শেষে সনদ সংগ্রহসহ সব অ্যাকাডেমিক ও প্রশাসনিক সেবা পুরোপুরি অনলাইনে করার ওপর জোর দেন তিনি। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে আগামী পাঁচ বছরের মধ্যে ইন্টার্নশিপ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে শিল্পপ্রতিষ্ঠান বা সরকারি দপ্তরগুলোর সমন্বয়ে একটি অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হবে।
এছাড়া শিক্ষক ও দক্ষ জনবলের ঘাটতি মেটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সাস্টি) মতো শীর্ষ প্রতিষ্ঠানের প্রবীণ শিক্ষক এবং বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষকদের অনলাইন ক্লাসের মাধ্যমে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা সফটওয়্যার তৈরি না করে বিদ্যমান ব্যবস্থাগুলোর উন্নয়ন ও সমন্বিত অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তোলার তাগিদ দেওয়া হয়।
কর্মশালায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, অধ্যাপক ড. আসলাম হোসেন এবং হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান বক্তব্য দেন।
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন বাজার আসার এক মিনিটেই সব সোল্ড আউট