প্রবেশিকা পর্যায়ের সহকারী হিসেবে কর্মজীবন শুরু করে দীর্ঘ ৪৩ বছর ধরে সিএনএনের যুদ্ধক্ষেত্র ও উত্তপ্ত পরিস্থিতির নির্ভরযোগ্য মুখ হয়ে ওঠা খ্যাতনামা প্রবীণ সঞ্চালক ক্রিশ্চিয়ান আমানপোর আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সিএনএনের চিফ ইন্টারন্যাশনাল অ্যাংকর আমানপোর ২০২৭ সালের মে মাসে তার জনপ্রিয় দৈনিক শো ‘আমানপোর’ বন্ধ করবেন এবং পরের মাসে প্রতিষ্ঠানটির সঙ্গে চার দশকেরও বেশি সময়ের সম্পর্কের ইতি টানবেন।
সোমবার এক বিবৃতিতে ৬৮ বছর বয়সী আমানপোর জানান, কয়েক মাসের চিন্তা ও কিছু ঘুমহীন রাতের পর, আমি ৪৩ চমৎকার বছরের সঙ্গী সিএনএনের কাছ থেকে পৃথক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
সিএনএনের প্রতি শুভকামনা জানিয়ে তিনি বলেন, আমি সব সময়ই সিএনএনের পাশে থাকব এবং এর স্বাধীন সাংবাদিকতার ঐতিহ্য বজায় রাখব। মনে রাখবেন: সত্যনিষ্ঠ হন, নিরপেক্ষ নয়।
হঠাৎ বিদায়ের সুনির্দিষ্ট কোনও কারণ না জানালেও নতুন মালিকানা স্কাইড্যান্সের অধীনে সিএনএন যখন এক নতুন যুগে প্রবেশ করছে, ঠিক তখনই আমানপুরের বিদায়ের খবর এলো। এছাড়া তিনি ২০২১ সালে ওভারিয়ান ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা খোলাসা করেছিলেন। পেশাগত জীবনের স্মৃতিচারণ করে তিনি তার ফিল্ড ক্রু ও শোর দলের সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রথম উপসাগরীয় যুদ্ধ কাভার করার রোমাঞ্চকর কাজ থেকে শুরু করে বসনিয়া যুদ্ধ, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেন ও ইরানের ভয়াবহতা, সব জায়গায় আমাদের দল ও সহমর্মিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।
১৯৮৩ সালে সিএনএনের আটলান্টা অফিসে সহকারী হিসেবে যোগ দেন আমানপোর। সিএনএনের প্রধান নির্বাহী মার্ক থম্পসন সোমবার জানান, শুরুতে আমানপুরের এক বস তাকে বলেছিলেন যে বিদেশি প্রতিনিধি বা অন-এয়ার কোনও ভূমিকা পালনের যোগ্যতা তার নেই। তবে ৯০-এর দশকে উপসাগরীয় যুদ্ধ কাভার করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন আমানপোর। যুদ্ধক্ষেত্রের সাংবাদিকতা প্রসঙ্গে তিনি বলেছিলেন, এটি হলো একটি মিশনের অনুভূতি, একটি উদ্দেশ্য থাকা এবং একটি গল্প বলতে পারার ক্ষমতা।
অর্ধেক-ইরানি ও অর্ধেক-ব্রিটিশ এই সাংবাদিক আমেরিকান দর্শকদের জটিল আন্তর্জাতিক খবর উপহার দেওয়ার পক্ষে সব সময়ই সোচ্চার ছিলেন। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমি কখনোই বিশ্বাস করিনি যে কোনও বিষয় আমেরিকান টেলিভিশনে তুলে ধরার জন্য অত্যন্ত জটিল... আমি কখনোই দর্শকদের ছোট করে দেখিনি।
চলতি বছরের শেষে পিবিএস-এর ‘আমানপোর অ্যান্ড কো’ শো-টি বন্ধ করলেও সাবেক স্বামী জেমি রুবিনের সঙ্গে নিজের পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ চালিয়ে যাবেন তিনি। সেই সঙ্গে নতুন কিছু করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন সাংবাদিকতার এই জীবন্ত কিংবদন্তি।
সূত্র: এপি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
মঙ্গলের ‘চাঁদ’ থেকে গুঁড়ো পাথর আনতে জাপানের ঐতিহাসিক অভিযান