চীনের অর্থনীতিতে গুণগত উন্নয়ন ও যৌক্তিক পরিমাণগত প্রবৃদ্ধির ওপর জোর দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর ওপর চীনের কমিউনিস্ট পার্টির ‘নিরঙ্কুশ নেতৃত্ব’ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেওয়া এক ভাষণে এসব কথা বলেন শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সমাজের সার্বিক অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে শি বলেন, আমাদের অবশ্যই দৃঢ়ভাবে উচ্চমানের উন্নয়ন এগিয়ে নিতে হবে এবং উন্নত জীবনের জন্য জনগণের ক্রমবর্ধমান চাহিদা ধারাবাহিকভাবে পূরণ করতে হবে।
ভাষণে সামরিক বাহিনীর ‘রাজনৈতিক গঠন’ এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন চীনা প্রেসিডেন্ট। এ ছাড়া সামরিক সংস্কার, বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, প্রতিভাবান জনবল গড়ে তোলা এবং আইনানুগ শাসনব্যবস্থা জোরদার করার বিষয়েও কথা বলেন তিনি।
১৯৩৪ ও ১৯৩৫ সালে সংঘটিত লং মার্চের ৯০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানের অংশ হিসেবে এই ভাষণ দেন শি জিনপিং। লং মার্চ ছিল মাও সেতুংয়ের নেতৃত্বাধীন রেড আর্মির ধারাবাহিক পশ্চাদপসরণ। তৎকালীন চিয়াং কাই-শেকের নেতৃত্বাধীন ন্যাশনালিস্ট বাহিনীর ধাওয়া এড়াতে এই অভিযান চালানো হয়েছিল।
সূত্র: রয়টার্স
ক্যানসার মুক্ত পোপ লিও, প্রয়োজন নেই থেরাপির: চিকিৎসক