তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানোর প্রস্তাব, হরমুজ খুলতে চায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক 
৩১ অক্টোবর ২০২৬, ১৪:৪৭ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ১৪:৪৭

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার প্রাথমিক কাঠামোয় তেহরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পারস্পরিক সম্মতিতে তৃতীয় কোনও দেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানো এবং প্রাথমিক সমঝোতার সাত দিনের মধ্যে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব রয়েছে। সৌদি আরব সরকারের মালিকানাধী সংবাদমাধ্যম   আল আরাবিয়া ইংলিশের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আলোচনার খসড়া কাঠামোয় দুই দেশের মধ্যে সমঝোতা বাস্তবায়ন ও তা টেকসই করতে সম্ভাব্য নিশ্চয়তাদাতা হিসেবে চীনের নাম উল্লেখ করা হয়েছে। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা দোহায় আয়োজনের কথা বলা হয়েছে, ইস্তাম্বুলে নয়।

প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী, ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করলে বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা, অবরোধ ও অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল করবে যুক্তরাষ্ট্র।

সমঝোতার প্রস্তাবগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতে একটি স্বাধীন যাচাইব্যবস্থা গড়ে তোলার কথাও বলা হয়েছে। এ ছাড়া কোনও পক্ষের বিলম্ব বা চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটলে তা মোকাবিলা এবং নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে মধ্যস্থতাকারী ও নিশ্চয়তাদাতা পক্ষগুলোর সমন্বয়ে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাও রাখার প্রস্তাব রয়েছে বলে জানিয়েছে আল আরাবিয়া।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নিতে কাতারের একটি প্রতিনিধিদল বর্তমানে তেহরানে অবস্থান করছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর একজন জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধিদলটি শুক্রবার সকালে তেহরানে পৌঁছায়। ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে তারা এ সফর করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন করে মার্কিন সামরিক হামলা ঠেকাতে কূটনৈতিক আলোচনার পথ তৈরির প্রস্তাবসংবলিত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি চিঠি ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির কাছে পৌঁছে দিয়েছেন কাতারের দূতেরা।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আলোচনা চলছে। তারা কথা বলতে চায়। তারা আলোচনা চালিয়ে যাচ্ছে’।

তিনি আরও বলেন, তবে দেখুন, তারা তাদের সেনাদের বেতন দিতে পারছে না, পুলিশকেও বেতন দিতে পারছে না। তারা বড় ধরনের সংকটে রয়েছে। আর সত্যি বলতে, আমাদের হাতে সময় আছে। এটি একটি যুদ্ধ, তবে প্রচলিত ধরনের যুদ্ধ নয়; আমরা সেখানে সাত মাস ধরে রয়েছি।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
যেকোনও হুমকিতে তাৎক্ষণিক জবাব দেবে ইরান, সেনাবাহিনীকে খামেনির নির্দেশ
কী, কেন, কীভাবে হুথিদের মোকাবিলায় কেন ব্যর্থ সৌদি আরব, নেপথ্যে কোন পরাশক্তি?
সর্বশেষ খবর
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
আরও সন্তান চান জেডি ভ্যান্স, স্ত্রীর এক হুমকিতেই চুপ!
দীপ যা বলছে আসলে তা প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা
দীপ যা বলছে আসলে তা প্রশ্নবিদ্ধ: তাহসিফের বাবা
প্রাথমিকের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি দেওয়া হবে খেলনা: ববি হাজ্জাজ
প্রাথমিকের শিক্ষার্থীদের বইয়ের পাশাপাশি দেওয়া হবে খেলনা: ববি হাজ্জাজ
মিরপুরে হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এমনটা হয়’
মিরপুরে হারের পর শান্ত বললেন, ‘ক্রিকেটে এমনটা হয়’
সর্বাধিক পঠিত
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
লাগেজ কাটা-চুরি বন্ধে নতুন ব্যবস্থা: কতটা বদলালো শাহজালাল বিমানবন্দর
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী
বৈঠক শেষেই গার্মেন্ট শ্রমিকদের জন্য বড় ঘোষণা দিলেন মন্ত্রী