ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক তেল বিধিনিষেধ এড়াতে জালিয়াতির মাধ্যমে সামুদ্রিক নিবন্ধন দিয়ে সহায়তার অভিযোগে এক ভারতীয় ব্যবসায়ী, তার স্ত্রী এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন অর্থ দফতর জানায়, চণ্ডীগড়ভিত্তিক ব্যবসায়ী সুনীল কুমার শর্মা ও তার স্ত্রী জসপ্রীত প্রীতি শাহিদের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ইরানি পেট্রোলিয়াম পরিবহনকারী জাহাজগুলোকে ভুয়া নিবন্ধন ও সনদ প্রদানকারী একটি নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে। এ ছাড়া এই দম্পতির ব্যবসার পরিচালক হিসেবে যুক্ত থাকার অভিযোগে অশ্বিনী কুমার বিমান ও ঈশ্বরিন্দর সিং নামে আরও দুই ভারতীয় নাগরিক এবং ভারতসংশ্লিষ্ট ৯টি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একই সঙ্গে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান ফুগো গ্রাউন্ড সার্ভিসেস ইনক-এর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ইরান এয়ার ট্যুর, সাহা এয়ারলাইন্স, সেপেহরান এয়ারলাইন্স, ভারেশ এয়ারলাইন্স, তাবান এয়ারলাইন্স এবং আতা এয়ারলাইন্স কোং এই ছয়টি মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত ইরানি এয়ারলাইন্সকে গ্রাউন্ড হ্যান্ডলিং ও অন্যান্য পরিষেবা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
মার্কিন প্রশাসনের মতে, এই নেটওয়ার্কটি ভুয়া সামুদ্রিক নথিপত্রের মাধ্যমে জাহাজের পরিচয় ও মালিকানা গোপন করে ইরানের ছায়া বহরকে তেল পরিবহনে সাহায্য করছিল। অভিযোগ রয়েছে, এই জাহাজগুলোর কিছু অংশ ইরানি সামরিক বাহিনী ও তাদের সহযোগীদের পক্ষে পরিচালিত হতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অপারেশন ইকোনমিক আউটকাস্ট-এর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য ইরানের তেল রাজস্ব বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ অর্থায়নের সক্ষমতা সীমিত করা।
মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট তেহরানকে সহায়তাকারীদের সতর্ক করে বলেন, অপারেশন ইকোনমিক আউটকাস্টের অধীনে আপনারা হয় আমাদের পক্ষে, না হয় বিপক্ষে। আপনারা কোথায় আছেন তা আমরা জানি এবং জল, স্থল বা আকাশপথে যারা ইরানি শাসনকে সমর্থন জুগিয়ে যাবে, তাদের ওপরই আমরা নিষেধাজ্ঞা আরোপ করব।
মার্কিন অর্থ দফতরের তথ্য অনুযায়ী, সুনীল শর্মা ও তার স্ত্রী জসপ্রীত অন্তত ২০১৪ সাল থেকে এই সামুদ্রিক নিবন্ধন জালিয়াতির সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন দেশের সরকারের অনুমতি ছাড়াই নিজেদের সামুদ্রিক কর্তৃপক্ষ হিসেবে দাবি করে ভুয়া ওয়েবসাইট ও সংস্থা গড়ে তোলেন। এই নেটওয়ার্কটি অরুবা, গায়ানা, মালি, মোজাম্বিক, মালাউই, সিন্ট মার্টেন এবং তিমুর-লেস্তেসহ বিভিন্ন দেশের হয়ে জাহাজের ফ্ল্যাগিং বা পতাকা নিবন্ধনের ভুয়া সেবা প্রদান করত।
সূত্র: ইন্ডিয়া টুডে
ট্রাম্প-ভ্যান্স দূরত্ব বাড়ছে, হারের পর রিপাবলিকানদের মধ্যে চরম কোন্দল
ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞা
ভোটে হারের পর হেগসেথের পাশে ট্রাম্প, তবে অপসারণের গুঞ্জন তুঙ্গে