অনেক দিনের অপেক্ষার গোল, জার্সিটাও কাউকে দিতে চান না ইব্রাহিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭

অনেক দিন ধরেই এমন একটি মুহূর্তের অপেক্ষায় ছিলেন মোহাম্মদ ইব্রাহিম। জাতীয় দলের জার্সিতে গোল করে দলকে জেতানোর স্বপ্নটা অবশেষে পূরণ হয়েছে তার। সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করে বাংলাদেশকে মূল্যবান তিন পয়েন্ট এনে দিয়েছেন এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে গ্যালারিতে দর্শকদের সঙ্গে জয় উদযাপনও করেছেন। আর যে জার্সি পরে গোল করেছেন, সেটি কাউকে দিতে নারাজ তিনি।

ম্যাচ শেষে দর্শকেরা ইব্রাহিমের জার্সি চাইছিলেন। তবে সেটি নিজের কাছেই রাখতে চান এই ফুটবলার। হাসতে হাসতে বলেছেন, ‘এটা আমার লাগবে, এটা আমার। এটা আমি কাউকে দিতে পারবো না।’

জাতীয় দলে দীর্ঘদিন পর ফিরে গোল করতে পেরে দারুণ খুশি ইব্রাহিম। নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘অনেক দিন পরে জাতীয় দলে ফিরেই গোল করতে পেরেছি। আমার জন্য এটা অনেক বড় ব্যাপার। একটু সন্তুষ্ট প্রকাশ করছি, আল্লাহর কাছে। অনেক ভালো লাগছে।’

ভুটান ম্যাচের আগে বাংলাদেশের আক্রমণভাগে ছিল দুশ্চিন্তা। মূল স্ট্রাইকার রোনান সুলিভান চোটে পড়ায় তার জায়গায় কে খেলবেন, তা নিয়ে ভাবতে হয়েছে কোচকে। ইব্রাহিম নিজেও স্বাভাবিকভাবে স্ট্রাইকার পজিশনে খেলেন না। তবে দলের প্রয়োজনে সেই দায়িত্ব সামলেছেন।

নিজের ভূমিকা ব্যাখ্যা করে ইব্রাহিম বলেন, ‘আপনারা জানেন, আমাদের যেহেতু কোনও স্ট্রাইকার নেই, আমাদের মূলত উইং প্লে করা। আজকে আমি খেলেছি বিশেষভাবে ফলস নাইন হিসেবে। নাম্বার টেন থেকে স্ট্রাইকারের ভূমিকায় গিয়েছি। পরে আমি নামার পর শমিত নাম্বার নাইন খেলছিল। ওই কাজটা করতে পেরে ভালো লাগছে।’

তবে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন ইব্রাহিম। তার মতে, দর্শকদের আরও ভালো ফুটবল উপহার দেওয়া উচিত ছিল বাংলাদেশের। জয়ের ব্যবধানও হতে পারত আরও বড়।

ইব্রাহিমের ভাষায়, ‘আমাদের যেহেতু স্ট্রাইকার ছিল না, আরও ভালো খেলা উচিত ছিল। দর্শকদের আরও সন্তুষ্ট করা উচিত ছিল। হয়তো আরও ভালো ব্যবধানে জেতা উচিত ছিল।’

সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে হলে নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে বলেও মনে করেন তিনি। এ প্রসঙ্গে ইব্রাহিম বলেন, ‘আমাদের আসলে অনেক উন্নতি করতে হবে। ফারহান আলী আছে, হামজা আসবে। ওরা দুজন এলে আশা করি দল আরও ভালো খেলবে।’

জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্য প্রমাণের অপেক্ষাটা অবশ্য নতুন নয় ইব্রাহিমের। এএফসি এশিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি। সেদিনই এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইপর্বে তার গোলে পরের রাউন্ডে উঠেছিল ফর্টিস এফসি। সেই গোলের পর জাতীয় দলে সুযোগ পেলে নিজেকে প্রমাণের প্রত্যয়ও ছিল তার।

সেই অপেক্ষার অবসান ঘটেছে ভুটান ম্যাচে। সুযোগ পেয়ে গোল করে নিজের লক্ষ্য পূরণ করতে পেরে তৃপ্ত ইব্রাহিম। বলেছেন, ‘আমি অনেক দিন ধরে এমন একটা মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। কখন সুযোগ পাবো, আর সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করবো। আল্লাহর রহমতে সেটা করতে পেরে খুব ভালো লাগছে।’

/টিএ/আরকে/
সম্পর্কিত
বাংলাদেশের মতো স্কোয়াডের গভীরতা আমাদের নেই: ভুটানের কোচ
নিভৃতে ঢাকায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
হিমবাহের হ্রদ ফেটে ভুটানে বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামের ৫ জেলায় রেড অ্যালার্ট
সর্বশেষ খবর
মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান
মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৯ ব্যবসাপ্রতিষ্ঠান
পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন
পরিবেশবান্ধব রাসায়নিক উৎপাদনের নতুন পদ্ধতি উদ্ভাবন
স্ত্রীসহ শ্বশুর বাড়ির ৭ স্বজনকে হত্যা করলো ক্যাব চালক, অভিযোগ পরিবারে হস্তক্ষেপ
স্ত্রীসহ শ্বশুর বাড়ির ৭ স্বজনকে হত্যা করলো ক্যাব চালক, অভিযোগ পরিবারে হস্তক্ষেপ
অস্থিরতার রেশ কাটিয়ে স্বাভাবিক আশুলিয়া, চালু ৮৮ কারখানা
অস্থিরতার রেশ কাটিয়ে স্বাভাবিক আশুলিয়া, চালু ৮৮ কারখানা
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?
সঞ্চয়পত্রের মুনাফায় সংসার চলে যাদের, তাদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ?